
পাম্পে ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে এ ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। ইউনিটটি চালু করতে এক দিন সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউনিটটি চালু করতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম চলছে। আগামীকালের মধ্যে ইউনিটটি চালু করা হবে এবং ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, হঠাৎ করে শুক্রবার সকালে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর ইউনিটটি বন্ধ করে দিলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে ইউনিটটি থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতো। তবে বিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিটটি চালু আছে। সেই ইউনিট থেকে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এই বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ আছে।
এর আগে সর্বশেষ গত ৩১ জুলাই ১ নম্বর ইউনিটের উৎপাদন কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। দুই দিন পর ২ আগস্ট সেটি আবার চালু করা হয়।