বাবা–মার সঙ্গে জাহিদ হাসান ও কাইফ হোসাইন
বাবা–মার সঙ্গে জাহিদ হাসান ও কাইফ হোসাইন

এসএসসিতে জিপিএ-৫ পেল কুমিল্লার যমজ দুই ভাই, হতে চায় প্রকৌশলী

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে যমজ দুই ভাই জাহিদ হাসান ও কাইফ হোসাইন। উপজেলা সদরের দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে তারা এ সাফল্য অর্জন করেছে।

জাহিদ হাসান ও কাইফ হোসাইন মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের চরকাঠাঁলিয়া গ্রামের ব্যবসায়ী আবুল কালাম ও গৃহিণী নাছরিন আক্তার দম্পতির ছেলে। একই পরিবারের যমজ দুই ভাইয়ের এমন সাফল্যে মা-বাবা, স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দিত।

ভবিষ্যতে তারা দেশসেরা বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলী হতে চায় এবং সারা জীবন মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চায় বলে তারা জানায়।

জিপিএ-৫ পেয়ে জাহিদ ও কাইফ বেশ আনন্দিত। এ সাফল্যের জন্য তারা শিক্ষক ও মা-বাবার প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে তারা দেশসেরা বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলী হতে চায় এবং সারা জীবন মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চায় বলে তারা জানায়।

তাদের বাবা মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘আমার দুই ছেলের একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা এবং একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা। দুজনই এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পাওয়ায় পরিবারের সবাই আনন্দিত।’

দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, যমজ দুই ভাই সব বিষয়ে জিপিএ-৫ পাওয়ায় শিক্ষার্থীরা ব্যানার নিয়ে বিদ্যালয় ফটকে দাঁড়িয়ে আনন্দ উৎসবও করেছে।