
ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৯ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আজ রোববার দ্রুত বিচার আইনে করা একটি মামলায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বর্তা গ্রামের ফরহাদ হোসেন (২৮), ভান্ডাব গ্রামের নাজিম উদ্দিন (২৫), একই গ্রামের সাইফুল (৪৫), মেহেদী হাসান আলাল (৩২), বাটাজোর গ্রামের ইকবাল তালুকদার (৩০), উথুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রনি ঘোষ (৩৪), ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইমন শেখ (২৮), ৭ নম্বর ওয়ার্ডের ফারুক হাসান মণ্ডল (৩৮) এবং ছোট কাশর গ্রামের মনির হোসেন (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খানের নেতৃত্বে গতকাল সকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন সংগঠনের নেতা–কর্মীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিকেলে একই স্থানে পাল্টা বিক্ষোভ–মিছিল করে উপজেলা ছাত্রদল।
এ ঘটনায় ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল ইসলাম বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বিভিন্ন সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং গতকাল মিছিলেও তাঁরা সক্রিয় অংশগ্রহণ করেন। মামলা শেষে ৯ জনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।