বরিশালে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির উদ্বোধন

বরিশালে সোমবার শিল্পকলা একাডেমিতে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির উদ্বোধন করা হয়
ছবি: প্রথম আলো

মুঠোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বরিশালের ৯টি স্কুলের শিক্ষার্থীদের বই বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো এ বছরের বই পড়া কার্যক্রম। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিকাশ–এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

কর্মসূচিতে অংশ নেওয়া বরিশাল নগরের ৯টি বিদ্যালয় হলো, ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয়, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আলেকান্দা রুপাতলী সাগরদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, আছমত আলী খান ইনস্টিটিউশন, কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আলতাফ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মমতাজ মজিদুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ইউসেপ সৈয়দ বাড়ি আলেকান্দা টেকনিক্যাল স্কুল।

বই বিতরণের আগে মিলনায়তনে স্কুলগুলোর প্রায় ৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে ৪০ জন কুইজ বিজয়ীকে পুরস্কার ও সনদ দেওয়া হয়।

আয়োজক প্রতিষ্ঠান বিকাশের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। এর মাধ্যমে যাতে শিক্ষার্থীরা পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই উদ্দেশ্যকে আরও প্রসারিত ও কার্যকর করতে এক দশক ধরে বই পড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে বিকাশ। এর আওতায় এ পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তিন লাখের বেশি বই দেওয়া হয়েছে। ৩০ লাখ পাঠক এর মাধ্যমে উপকৃত হয়েছে। এ বছর এই কার্যক্রমে যুক্ত হওয়া বইয়ের সংখ্যা ৩৯ হাজার ৮৬০।

আয়োজকেরা বলেন, ২০১৮ সাল থেকেই বাংলা একাডেমির অমর একুশে বইমেলা আয়োজনে মূল পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করছে বিকাশ। এ ছাড়া স্কুলের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের ৫০০টি স্কুলে প্রতিবছর ২০ হাজার কপি গ্রাফিক নভেল সিরিজ ‘মুজিব’ বিতরণ করে প্রতিষ্ঠানটি। শিক্ষা কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে ২০১৯ সাল থেকে যশোরের বিশেষায়িত স্কুল প্রয়াস-এর শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষাদান খরচও বহন করছে বিকাশ।