হত্যা মামলার সাজা থেকে বাঁচতে পালিয়ে ছিলেন ১১ বছর, অতঃপর গ্রেপ্তার

সফুরা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতে সোনাগাজী থানায়
ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজী উপজেলায় ছয় মাসের শিশু আসমা আক্তার (তানিশা) হত্যা মামলার রায়ে যাবজ্জীবন সাজা পান সফুরা খাতুন ওরফে সবুরা খাতুন (৬০)। সাজা থেকে বাঁচতে ১১ বছর পালিয়ে ছিলেন তিনি। শেষরক্ষা হলো না। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চর ডুব্বা এলাকার এক বাড়ি থেকে সফুরাকে গ্রেপ্তার করে পুলিশ।সফুরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর ডুব্বা এলাকার মমতাজ উদ্দিনের স্ত্রী।

সোনাগাজী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমিনুল ইসলাম বলেন, ফেনীর আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর পুলিশ আসামি সফুরা খাতুনের খোঁজে মাঠে নামে। ভোলার চর ফ্যাশন এলাকায় পলাতক থাকায় তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত সোমবার রাতে সফুরা বাড়ি এসেছিলেন। মঙ্গলবার রাতে আবার অন্য স্থানে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

পুলিশ ও মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, সোনাগাজী পৌরসভার চর গণেশ এলাকার প্রবাসী নুর মোহাম্মদের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন সফুরা খাতুন। তিনি তাঁর জামাতা সেলিম খানের সঙ্গে ওই বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, ২০১১ সালের ২৯ অক্টোবর ওই বাড়ির সদস্যদের জন্য রান্না করা খাবারে সফুরা চেতনানাশক ওষুধ মেশান। পরে গভীর রাতে সফুরার সহযোগিতায় সেলিম খান ওই বাড়িতে ডাকাতি করতে ঢোকেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন সেলিমকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় সেলিম ধারালো অস্ত্র দিয়ে নুর মোহাম্মদের স্ত্রী ও তাঁর ছয় মাসের মেয়ে আসমাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে শিশু আসমা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় নিহত আসমার বাবা নুর মোহাম্মদ বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। ওই মামলায় সেলিম ও সফুরাকে গ্রেপ্তার করে পুলিশ কারাগারে পাঠায়। বছরখানেক কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে দুজন পালিয়ে যান। আদালত গত ১০ এপ্রিল সফুরা খাতুন ও তাঁর জামাতা সেলিম খানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে সেলিমকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাস কারাদণ্ড এবং সফুরাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, সফুরা খাতুনকে আজ বুধবার আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হবে।