রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সকালে
রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সকালে

যেসব জেলায় ‘বেহেশতিরা’ নির্বাচিত হয়েছে, সেখানেই কৃত্রিম সারসংকট: মীর শাহে আলম

সারের সংকট নেই দাবি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘যে সমস্ত জেলা থেকে বেহেশতিরা টিকিট বিক্রি করে নির্বাচিত হয়েছে, সারের সংকট ঠিক ওই জেলাগুলোতেই কৃত্রিমভাবে দেখানো হয়েছে।’

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘সার নিয়ে সংকট আছে বলে আমি মনে করি না। কৃত্রিম সংকট যে সমস্ত জেলাতে তৈরি করা হয়েছে, আমি সেই সমস্ত জেলার নামগুলো বলি। কৃত্রিম সংকট তৈরি হয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, বাগেরহাট সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইলে। অর্থাৎ যে সমস্ত জেলা থেকে বেহেশতিরা টিকিট বিক্রি করে নির্বাচিত হয়েছে, সারের সংকট ঠিক ওই জেলাগুলোতেই কৃত্রিমভাবে দেখানো হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘চট্টগ্রাম বিভাগের কোনো জেলায় সারের সংকট হয়নি। বগুড়াতেও সারের সংকট হয়নি। রাজশাহী হয়নি, পাবনা হয়নি নাটোর হয়নি, ময়মনসিংহ বিভাগে হয়নি, ঢাকা বিভাগে হয়নি, কুমিল্লায় হয়নি, সিলেটে হয়নি, বরিশালেও হয়নি। মাত্র ১০টি থেকে ১১টি জেলায় সারের সংকট। আমি মনে করি এটা জনগণের সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের দলের কর্মীদের দ্বারা হইচই করিয়ে এই কৃত্রিম সারের সংকট তৈরি করা হয়েছে।’

ব্রিফিংয়ে শহীদ আবু সাঈদের বাড়ির মধ্যে ঘর নির্মাণ, তাঁর মা–বাবার থাকার ব্যবস্থা ও কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘জেলা পরিষদের পক্ষ থেকে এটা বাস্তবায়ন করা হবে। জেলা পরিষদের প্রশাসক এর ডিজাইন তৈরি করবেন। যদি বেশি টাকা লাগে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সেই ব্যবস্থাও করব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আবু সাঈদ আমাদের অনুপ্রেরণা। তাঁর আত্মত্যাগ তরুণদের মাঝে, সমাজের মাঝে এবং ছাত্র-জনতার মাঝে একটি আন্দোলনকে প্রজ্বলিত করেছিল। সেই আন্দোলনে সারা দেশের লাখো মানুষ রাজপথে নেমে এসেছিলেন।’ তিনি বলেন, ‘আবু সাঈদ গণ-অভ্যুত্থানের বীর। আমরা আবু সাঈদকে ছড়িয়ে দিতে চাই।’

‘রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন’

উত্তরাঞ্চলের উন্নয়নে বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে সরকার কাজ করছে। তিনি বর্তমান সরকারের গৃহীত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, স্বাস্থ্য কার্ড, খাল খনন, কর্মসংস্থান, খেলাধুলার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে বলেন, এটি কোনো নির্দিষ্ট শ্রেণির মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারের নারী প্রধানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর স্ত্রী ও রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন, কেউ বাদ যাবে না। আগামী ৪ বছরের মধ্যে প্রায় ২ কোটি ১০ লাখ কৃষককে কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সকালে

ইমাম-মুয়াজ্জিনের সম্মানীর কথা বলতে গিয়ে শাহে আলম বলেন, ‘একটি রাজনৈতিক দল সারা দিন ধর্মের কথা বলে। ভোটের সময় বেহেশতের লোভ দেখিয়েছিল। তারা ইমাম-মুয়াজ্জিন-খাদেমদের নিয়ে চিন্তা করেছিল? তাদের নির্বাচনী ইশতেহারে ছিল? চিন্তা করেছেন তারেক রহমান।’ তিনি বলেন, দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে।

জ্বালানিসংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন কারণে তেল-গ্যাসের বাজারে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতির জন্য সরকার দুঃখ প্রকাশ করেছে এবং সাময়িক অসুবিধার কথা জানিয়েছে। বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘লং মার্চ করে কখনো সমস্যার সমাধান হবে না। আপনাদের কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে সংসদে দাঁড়িয়ে কথা বলুন।’ একই সঙ্গে সরকারের সফলতা-ব্যর্থতা মূল্যায়নের জন্য সময় দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় রংপুর জেলা স্টেডিয়ামের নাম ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে বলেও জানান তিনি।