
অবসরে যাওয়ার কথা দুই বছর আগে। এরপরও ক্ষমতার দাপটে তিনি অধ্যক্ষের দায়িত্বে ছিলেন বিধিবহির্ভূতভাবে। সর্বশেষ গত ৬ এপ্রিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে তিনি অবসরে যান। কিন্তু অধ্যক্ষের কার্যালয়কে এখনো ব্যক্তিগত ও দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছেন তিনি।
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালেহ উদ্দিনের বিরুদ্ধে এসব অভিযোগ পাওয়া গেছে। তিনি কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
জাতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ সূত্রে জানা গেছে, সালেহ উদ্দিনের ২০২১ সালের ৩০ জুন অবসরে যাওয়ার কথা। কিন্তু তিনি বিধি লঙ্ঘন করে ও ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন অধ্যক্ষের পদ আঁকড়ে থাকেন। সালেহ উদ্দিনকে অধ্যক্ষের পদ থেকে সরে যাওয়ার জন্য ২০২২ সালের ১৭ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানার স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়। তাতে তিনি কর্ণপাত করেননি।
সর্বশেষ চলতি বছরের ৬ এপ্রিল অধ্যক্ষ হিসেবে সালেহ উদ্দিনের দায়িত্বপালন সম্পূর্ণ বিধিবহির্ভূত উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর চিঠি পাঠিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ৭ এপ্রিল সালেহ উদ্দিন অধ্যক্ষের পদ ছেড়ে দেন এবং কলেজ পরিচালনা কমিটি বিধি অনুযায়ী ৮ এপ্রিল ওই কলেজের জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক মো. নূরুল আমিনকে দায়িত্ব দেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, কাগজে-কলমে নূরুল আমিনকে দায়িত্ব দেওয়া হলেও অধ্যক্ষের কার্যালয় ব্যবহার করছেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সালেহ উদ্দিন। দলীয় ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম তিনি ওই কার্যালয় বসেই পরিচালনা করেন। এমনকি থাকেনও কলেজ ক্যাম্পাসের অধ্যক্ষের বাসভবনে। এ ছাড়া কলেজের আরও দুটি কক্ষ ব্যবহার করেন তিনি। সেগুলো থেকে গত ২৮ জুলাই দিবাগত রাতে একটি পাইপগান, একটি পিস্তল, পাঁচটি গুলি ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল আমিন বলেন, ‘এ বিষয়ে বলে আর বিপদে পড়তে চাই না। আপনারা সবই জানেন। এরপরও আমাকে কেন বিপদে ফেলতে চান?’
ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সালেহ উদ্দিন কলেজ ক্যাম্পাসে তাঁর ব্যবহৃত কক্ষ থেকে উদ্ধার করা অস্ত্রের বিষয়ে প্রথম আলোকে বলেন, কক্ষগুলো তিনি ব্যবহার করছেন না, পরিত্যক্ত। প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিনের লোকজন তাঁকে ও তাঁর ছোট ভাই মো. সুজনকে খুন করার জন্য ওই অস্ত্রগুলো রেখেছেন। কলেজের অধ্যক্ষের কার্যালয় ব্যবহারের বিষয়ে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। কলেজে অধ্যক্ষের কোনো বাসভবন নেই বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, অবসরে গেলেও কলেজের সব কিছু এখনো সালেহ উদ্দিনের নিয়ন্ত্রণে। যা দিনের আলোর মতো পরিষ্কার, সবাই জানে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও মো. বশির গাজী বলেন, তিনি সম্প্রতি যোগ দিয়েছেন। তবে অবসরে যাওয়ার পর অধ্যক্ষের কার্যালয় ব্যবহার করার কোনো সুযোগ নেই। কমিটির সদস্য ও সাবেক অধ্যক্ষের (সালেহ উদ্দিন) সঙ্গে বসে আগামী এক সপ্তাহের মধ্যে এসব বিষয়ে সুরাহা করা হবে।