
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে এক কিশোরীকে (১৫) কয়েকজন তরুণ রং মাখানোর ছলে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় মেয়েটি এতে বাধা দিলে তাকে মারধর করা হয়। আহত কিশোরী বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি আছে।
মেয়েটির পরিবারের লোকজনের ভাষ্য, আজ মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসব ছিল। দুপুরে মেয়েটি তাদের বাড়িতে একা ছিল। নিপু বেপারী, শান্ত ঘরামী, মিঠু বেপারী, জয় মণ্ডল, জয় মজুমদার, দিপ বেপারীসহ ১০ থেকে ১২ তরুণ মেয়েটির বাড়িতে যায়। এরপর মেয়েটির মুখমণ্ডলে তারা রং মেখে দেয়। রং মাখানোর পর ওই তরুণেরা মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়েটি তরুণদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন তরুণ মেয়েটিকে মারধর করে।
পরে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন সেখানে উপস্থিত হয়। ততক্ষণে ওই তরুণেরা বাড়ি ছেড়ে চলে যায়। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পিরোজপুর সদর হাসপাতালে পাঠান।
মেয়েটি মুঠোফোনে বলে, ‘১০ থেকে ১২ জন তরুণ আমার ঘরে এসে প্রথমে আমার মুখে রং মেখে দেয়। এরপর আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করলে আমি বাধা দিই। এ সময় তাঁরা আমাকে মারধর করে। তাদের কয়েকজনকে আমি চিনি। বাকিদের মুখে রং থাকায় চিনতে পারিনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রুম্পা মুৎসুদ্দী বলেন, ওই ছাত্রীর চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, ঘটনাটি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।