
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর ঘটনায় আবদুর রহমান ওরফে সম্রাট (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আবদুর রহমান ঝিনাইদহ সদর পৌর এলাকার কাঞ্চননগরপাড়ার বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কাঞ্চননগর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আজ বুধবার দুপুর ১২টার দিকে আবদুর রহমানের বাড়িতে গিয়ে দেখা গেছে, গেটে তালা ঝুলছে। প্রতিবেশীরা জানান, আবদুর রহমানের বাবা অনেক আগে মারা গেছেন। তাঁর মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। সম্রাট আগে শহরের একটি রেস্টুরেন্টে পাচকের কাজ করতেন। পরে জোহান পার্কেও কিছুদিন কাজ করেছেন। বর্তমানে তিনি বাড়িতে থাকতেন। মাঝেমধ্যে ভ্যানগাড়িতে করে শহরে ঝালমুড়ি বিক্রি করতেন। গতকাল রাতে পুলিশ এসে তাঁকে ধরে নিয়ে গেছে।
তবে সম্রাটের স্ত্রী আসমা খাতুন মুঠোফোনে বলেন, ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। গতকাল সন্ধ্যার দিকে পুলিশ তাঁদের বাড়িতে এসে তাঁর স্বামীকে ধরে নিয়ে যায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানিয়েছেন, ঘটনার পর থেকে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করে পুলিশ। পরে কাঞ্চননগর এলাকা থেকে আবদুর রহমানকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁকে শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি। তাঁকে আদালতে পাঠানো হবে।