সবিতা ভট্টাচার্য তাঁর সাত বছরের নাতি শ্রাবণ ভট্টাচার্যকে পিঠে করে প্রতিদিন বিদ্যালয়ে যান। আবার কাঁধে নিয়ে ফেরেন। সড়ক দুর্ঘটনায় শ্রবণের মা মারা গেছেন, বাবা গুরুতর আহত হয়েও বেঁচে গেছেন। আর আহত শ্রাবণের একটি পা কেটে ফেলতে হয়েছে। শুধু শ্রাবণ না, রাজশাহী- গোদাগাড়ী সড়কে দুর্ঘটনার প্রাণ নিয়ে বাড়িতে ফেরা মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছেন।
রাজশাহী-গোদাগাড়ী সড়কটি ‘দুর্ঘটনাপ্রবণ’ বলে প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এ সড়কে দুর্ঘটনায় প্রতিবছর মানুষ মারা যাচ্ছেন। তবে আহত হয়ে বেঁচে থাকছেন তার চেয়েও অনেক বেশি মানুষ। এসব আহত মানুষের সঠিক পরিসংখ্যান নেই। তাঁদের মধ্যে অনেকে পঙ্গু হয়েছেন। আহত যাঁদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা বলছেন, যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন।
গোদাগাড়ী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ৯ মাসে এই সড়কের ৭০টির বেশি দুর্ঘটনা ঘটেছে। ১২ জন মানুষের মৃত্যুর খবর জানা গেছে। আহত হয়েছেন আরও অনেক বেশি মানুষ। তবে এর হিসাব তাঁদের কাছে নেই।
স্থানীয় ব্যক্তিরা বলেন, এই সড়কে বিপজ্জনক বাঁক আছে। বৃষ্টির দিনে গাড়ি ব্রেক করেও থামানো যায় না। আবার অনেকে সড়কে বেপরোয়া গাড়ি চালান। ফলে এই সড়কের বেশি দুর্ঘটনা ঘটে।
শিশু শ্রাবণ ভট্টাচার্যের বাড়ি গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর গ্রামে। সে এবার স্থানীয় কান্তপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। গত মঙ্গলবার চৈতন্যপুর গ্রামে গিয়ে দাদির পিঠে চড়ে শ্রাবণকে বিদ্যালয় থেকে ফিরতে দেখা যায়। দাদি সবিতা ভট্টাচার্য (৬৫) বলেন, দুই বছর আগে একটি মোটরসাইকেল করে শ্রাবণ মা-বাবার সঙ্গে নানি বাড়ি থেকে ফিরছিল। সদরের পেট্রল পাম্পের পাশে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মা-বাবার সঙ্গে শ্রাবণও আহত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২২ দিন চিকিৎসার পর মা ডলি ভট্টাচার্য মারা যান। শ্রাবণকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হয়। সেখানেই তার একটি পা কেটে বাদ দেওয়া হয়। শ্রাবণের বাবা হারাধন ভট্টাচার্য দীর্ঘদিন চিকিৎসার পরে সুস্থ হয়েছেন। এই দুর্ঘটনা তাঁদের পরিবারের সর্বনাশ করে গেছে।
একই উপজেলার ধরমপুর গ্রামে বাড়ি হাবিবুর রহমানের। তিনি রূপালী ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। গত ৫ জুলাই রাত ১০টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। রাজশাহী-গোদাগাড়ী সড়কের ছয়ঘাটি এলাকায় আরেকটি মোটরসাইকেল ভুল দিক থেকে তাঁকে মেরে দেয়। তিনি পড়ে গেলে তাঁর দুই পায়ের ওপর দিয়ে একটি গাড়ি চলে যায়। দীর্ঘদিন চিকিৎসার পর চিকিৎসকেরা হাঁটুর ওপর থেকে তার ডান পা কেটে বাদ দেন। বাঁ পা থাকলেও ওই পায়ে কোনো শক্তি নেই। এখনো ঘা শুকায়নি।
হাবিবুর রহমান বলেন, তিনি বেঁচে আছেন, এটাই আশ্চর্য। তবে এ বেঁচে থাকা মৃত্যুর অধিক যন্ত্রণার। এই যন্ত্রণায় পুরো পরিবার জর্জরিত। তবে ছেলেমেয়েরা খুশি, অন্তত বাবা বেঁচে আছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর গোদাগাড়ীর উপজেলার রেলগেট এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়েমুচড়ে যাওয়ার একটি ট্রাকের সম্মুখভাগ কেটে বের করা হয়েছিল চালক রবিউল ইসলামকে (২৮)। গত বৃহস্পতিবার রবিউলের স্ত্রী তাসরিফা খাতুন বলেন, বুধবার রাতে তাঁর স্বামীর ডান পা কেটে বাদ দিতে হয়েছে। বাঁ পা টিকবে কি না, সেই চেষ্টা চলছে।
গোদাগাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খন্দকার আকবর আলী বলেন, গোদাগাড়ী রাজশাহী সড়কটি তেলতেলে। মনে হয় বিটুমিন দেওয়া হয়েছে বেশি। ব্রেক করলে গাড়ি থামতে চায় না। এ ছাড়া বাঁকগুলোতে রং দিয়ে মার্কিং করে দেওয়া দরকার।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, রাজশাহী-গোদাগাড়ী সড়কটিতে হাইওয়ে পুলিশের কার্যক্রম নেই। এই সড়কের পাশে একটা হাইওয়ে পুলিশের থানা হওয়া জরুরি। কারণ, রাতের বেলায় এই সড়কে স্থলবন্দরের গাড়ির ভিড় লেগেই থাকে।