
গাজীপুরের টঙ্গীতে একটি তুলার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা তিনটার দিকে টঙ্গীর মাছিমপুর নামাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুড়ে যায় বাজারের দেড় শতাধিক দোকান ও কয়েকটি বসতঘর।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় মাছিমপুর নামাবাজার। এখানেই গড়ে উঠেছে তুলার বাজার। বাজারের পাশ ঘেঁষেই গড়ে উঠেছে কিছু বস্তিঘর। বিকেল চারটার দিকে সরেজমিনে দেখা যায়, বাজারটির একাংশে আগুন জ্বলছে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারপাশে। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ঘটনাস্থলে জড়ো হয়েছেন আশপাশের লোকজন। তাঁদের কেউ কেউ ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়ে করছেন আগুন নেভানোর কাজ।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বাজারটিতে ছোট-বড় তুলার দোকান আছে প্রায় ১৫০টি। পাশ ঘেঁষেই রয়েছে কিছু বস্তিঘর। এর মাঝে বেলা তিনটার দিকে বাজারের দক্ষিণ পাশের একটি দোকান থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। এরপর কিছুক্ষণের মধ্যেই আগুন আকারে ছড়িয়ে পড়ে চারপাশে। এ সময় স্থানীয় বাসিন্দা ও দোকানের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন ক্রমেই বড় হতে থাকে। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাজারে। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
বাজার ঘেঁষে ১০টি ঘর তুলেছিলেন স্থানীয় খোকন মিয়া। আগুনে তাঁর আটটি ঘরই পুড়ে গেছে। আক্ষেপ করে তিনি বলেন, ‘খালি দেখলাম আকাশে কালো ধোঁয়া উড়তাছে। এরপর মুহূর্তের মধ্যেই আগুন চলে আসে আমার ঘরের সামনে। পরে পোলাপাইন লইয়্যা কোনো রকম ঘরের কিছু মাল সরাই। আর বাকি সব পুড়ে যায় আগুনে। আমরা গরিব মানুষ। এক আগুনে মুহূর্তেই সব শেষ হইয়্যা গেল।’
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট। কিন্তু আগুনের ভয়াবহতা বাড়ায় পরবর্তী সময়ে তাদের সঙ্গে পর্যায়ক্রমে যোগ দেয় রাজধানীর উত্তরার তিনটি ও গাজীপুরের দুটি ইউনিট। এরপর মোট আটটি ইউনিটের মাধ্যমে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস জোন-৩-এর উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাজারটিতে প্রচুর তুলা মজুত ছিল। একদিকে তুলা, অন্যদিকে প্রাকৃতিক তাপমাত্রা—দুটি মিলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আমরা আটটি ইউনিটের সহযোগিতায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’
এদিকে তুলার বাজারে আগুন লাগার আগে টঙ্গীর পাগাড় পাঠানপাড়া এলাকায় আরও একটি আগুনের ঘটনা ঘটেছে। বেলা দেড়টার দিকে সেখানে হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেড নামে একটি কারখানার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাটি দেখতে গেলে সাংবাদিকদের কারখানার ভেতরে ঢুকতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘কারখানার ভেতরে একটি গুদামে কিছু তুলা ও সুতা মজুদ ছিল। মূলত সেখানেই আগুন লাগে। পরবর্তী সময়ে আমরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করি।’