
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো বাতাসে উপকূলীয় জেলা ঝালকাঠিতে গাছ উপড়ে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা শহরসহ বিভিন্ন স্থানে প্রায় ২২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে জেলা সদরের কিছু অংশে বিদ্যুৎ এসেছে।
আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার বেশির ভাগ এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল সোমবার বিকেল চারটায় জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ঝালকাঠি পৌরসভা, কাঠালিয়া ও নলছিটি উপজেলায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। জেলা বাকি এলাকা পল্লী বিদ্যুতের অধীন।
ঝালকাঠিতে বিদ্যুৎ বিতরণ সংস্থা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ঝালকাঠি-বরিশাল মহাসড়কের আমিরাবাদ এলাকায় ৩৩ হাজার কেভি লাইনের ওপর গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে। এ ছাড়া সিত্রাংয়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় গাছ ও গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের লাইন ও খুঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে কাজ চলছে। আজ বেলা দুইটার দিকে কয়েকটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে বিকেল গড়াতে পারে।
তবে পল্লী বিদ্যুতের অধীন এলাকায় বেলা তিনটা পর্যন্ত বিদ্যুৎ আসেনি।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে সিত্রাংয়ের অগ্রভাগ বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এরপর রাত নয়টার পর মূল অংশ আঘাত হানে। দিবাগত রাত একটার মধ্যেই উপকূল মোটামুটি পরিষ্কার হয়ে যায়।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের সদস্যরা উপড়ে পড়া গাছ কাটায় বিদ্যুৎ বিভাগকে সহযোগিতা করছেন। ঘূর্ণিঝড়ের গতি কমে আসার সঙ্গে সঙ্গে বিদ্যুতের লাইন মেরামতের জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীরা রাতে কাজ শুরু করেন। তবে জেলার অনেক এলাকায় রাস্তাঘাট এখনো চলাচলের উপযোগী হয়নি। এ কারণে মেরামতের কাজে সময় লাগছে।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কাটিয়ে ঝালকাঠিতে আজ সকাল থেকে ঝলমলে রোদের দেখা মিলেছে। সকাল থেকেই মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে। সকাল থেকেই কাঠালিয়ার বিভিন্ন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বাড়িতে ফিরে গেছে।
সকালে সুগন্ধা-বিষখালী নদীর জোয়ারের উচ্চতা কমেছে। এতে স্বস্তি ফিরেছে নলছিটি ও রাজাপুরের নদ-নদীর তীরবর্তী বাসিন্দাদের মধ্যে।
সিত্রাংয়ের প্রভাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, জেলা প্রশাসন তা নিরূপণের চেষ্টা করছে। জেলা প্রশাসক জোহর আলী বলেন, জেলায় ৬১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও জরুরি প্রয়োজনে ৪২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছিল। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। ত্রাণের শুকনা খাবার মজুত নেই। তবে টাকা ও অন্য সব ব্যবস্থা রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষকে সাধ্য অনুযায়ী সাহায্য করা হবে।