
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক কাউন্সিলর নূর হোসেনের বিরুদ্ধে এবার মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারের মামলায় বিচার শুরু হয়েছে। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ (বিশেষ ট্রাইবুনাল ১) আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান নূর হোসেনসহ মামলার ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
সরকারি কৌঁসুলি মনিরুজ্জামান বুলবুল এ তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ২০১৪ সালের ২৯ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টোকপাড়ায় এলাকায় নূর হোসেনের নিয়ন্ত্রিত ট্রাকস্ট্যান্ডের পেছনে অভিযান চালায় পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, ছুরি, রাম দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নূর হোসেন, তাঁর ভাই বর্তমান কাউন্সিল নূর উদ্দিন ও ভাতিজা বর্তমান কাউন্সিলর শাহজালাল বাদলসহ ১১ জনকে আসামি করে মামলা করে। এ মামলায় ওই বছরের ১৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এতে ওই ঘটনায় সব আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
মনিরুজ্জামান বলেন, আজ রোববার আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। মামলার জটের কারণে শুনানি পিছিয়ে ছিল। তবে দ্রুত মামলাটি নিষ্পত্তি হওয়ার জন্য রাষ্টপক্ষ কাজ করছে।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, দেশীয় অস্ত্র ও মাদক মামলায় নূর হোসেনকে সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। পরে তাঁকেসহ অন্য আসামিদের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁদের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করেছেন। পরে নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ৪ আগস্ট একটি অস্ত্র মামলায় নূর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।