
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামি (সুন্নি) বক্তার ওপর হামলার ঘটনায় করা মামলায় মো. জাক্কু (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার আহত সুন্নি বক্তার চাচা মাওলানা আবদুল বাছির ভূঁইয়া বাদী হয়ে মামলা করলে পুলিশ বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ ছাড়া আরেকজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তদন্তের স্বার্থে তাঁর নাম–পরিচয় জানানো হয়নি।
এর আগে শনিবার দিবাগত রাতে ওয়াজ মাহফিল শেষে বাড়িতে ফেরার পথে আখাউড়ার রামধননগর এলাকায় সুন্নি বক্তা মাওলানা শরীফুল ইসলাম নুরীর (৩৮) ওপর হামলা করে দুর্বৃত্তরা।
হামলায় আহত শরীফুলের জিহ্বার সামনের অংশ কেটে যায়। তিনি সদর উপজেলার চাপুইর গ্রামের কাজী আবদুর রফিক ভূঁইয়ার ছেলে। বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক তিনি। দেশের বিভিন্ন জায়গার ওয়াজ মাহফিলে তিনি বক্তা হিসেবে পরিচিত।
এ ঘটনায় করা মামলায় সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মো. রায়হান (৩০) ও বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মো. জাক্কুর (৪৮) নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, আহত ব্যক্তির চাচা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। মামলার ২ নম্বর আসামি জাক্কুকে বিজয়নগরের শ্রীপুর থেকে রোববার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়েই তদন্ত করছে পুলিশ। এ ছাড়া র্যাব আরেকজনকে গ্রেপ্তার করেছে। এখনো তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।
ওসি আরও বলেন, হামলায় জিহ্বা কেটেছে সত্য। তবে যেভাবে বলা হচ্ছে জিহ্বা টেনে কেটে ফেলা হয়েছে, ঘটনা তেমন নয়। গাড়িতে যাওয়ার সময় বাঁশ দিয়ে আঘাত করা হয়। আঘাত চোয়াল ও ঠোঁটে লাগে। বাঁশের কারণে নাকি দাঁতের কারণে জিহ্বা কেটেছে সেটি নিশ্চিত নন।
পুলিশ, এলাকাবাসী ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি দরবার শরিফের মাহফিলে বক্তা হিসেবে বয়ান করেন শরীফুল। মাহফিল শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শরীফুল। রাত সোয়া ১২টার দিকে আখাউড়ার রামধননগর গ্রামে পৌঁছানোর পর দুর্বৃত্তরা দেশি অস্ত্র নিয়ে তাঁর গতিরোধ করে। মামলার প্রধান আসামি রায়হান বাঁশ দিয়ে শরীফুলের মুখে আঘাত করেন। এতে তাঁর জিহ্বার সামনের অংশ সামান্য কেটে যায়। ২ নম্বর আসামি জাক্কু ধারালো অস্ত্র দিয়ে শরীফুলের বাঁ পায়ে আঘাত করেন। পরে তাঁদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা অন্য আসামিরা লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে শরীফুলকে গুরুতর আহত করেন। এ সময় শরীফুলের সঙ্গে থাকা সদর উপজেলার খেওয়াই গ্রামের মো. ওবায়দুল্লাহকেও (৩৪) মারধর করা হয়। পরে আসামিরা শরীফুলের মোটরসাইকেলটি ভাঙচুর করেন। মোটরসাইকেল ভাঙচুর এবং শরীফুল ও ওবায়দুল্লাহর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করেন। আহত শরীফুল ও ওবায়দুল্লাহকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শরীফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হিমেল খান বলেন, আঘাতে ওই ব্যক্তির জিহ্বার সামনের অংশ সামান্য কেটেছে। তবে বিচ্ছিন্ন হয়নি। পায়ে আঘাত ছিল, সেখানে সেলাই দেওয়া হয়। জিহ্বার আঘাতের জন্য তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
মামলার বাদী মাওলানা আবদুল বাছির ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘তাঁরা আমার ভাতিজার জিহ্বা ও পায়ে আঘাত করেন। ঢাকায় নিয়ে ভাতিজার জিহ্বায় সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন। তবে সে কথা বলতে পারছে না। চিকিৎসক জানিয়েছেন, কয়েক দিন পর ঠিক হয়ে যাবে।’
শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মাহফিলে একটি পক্ষকে উদ্দেশ করে বিরূপ বক্তব্য দিয়েছিলেন মাওলানা শরীফুল। মাহফিল শেষে ভাগিনার সঙ্গে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা করা হয়। তিনি বলেন, হামলার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানানো হয়েছে।