মায়ের জানাজা শেষে মুনাজাত করছেন প্যারোলে মুক্তি পাওয়া আইয়ুব বাবুল। গতকাল রাতে
মায়ের জানাজা শেষে মুনাজাত করছেন প্যারোলে মুক্তি পাওয়া আইয়ুব বাবুল। গতকাল রাতে

চট্টগ্রামে হাতকড়া পরে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে চট্টগ্রামের পটিয়ায় হাতকড়া পরে মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। তাঁর নাম আইয়ুব বাবুল। তিনি আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র। গতকাল সোমবার রাত নয়টা থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। এর মধ্যেই রাত সাড়ে নয়টার দিকে তিনি মায়ের জানাজায় অংশ নেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পটিয়া পৌর সদরের ওয়াপদা রোড এলাকায় নিজ বাসভবনে মারা যান আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৮০)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মায়ের মৃত্যুর পর আইয়ুব বাবুলকে প্যারোলে মুক্তি দিতে তাঁর পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আইয়ুব বাবুলকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে পুলিশের পাহারায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পটিয়ায় আনা হয় আইয়ুব বাবুলকে। রাত সাড়ে নয়টার দিকে পটিয়া আদালত জামে মসজিদ চত্বরে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। হাতকড়া পরে আইয়ুব বাবুল জানাজায় অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁর মায়ের মরদেহ দাফন করা হয়।

জানাজায় আইয়ুব বাবুল তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান। জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি মায়ের সেবা করতে পারিনি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ।’

আইয়ুব বাবুলের স্ত্রী চাঁদ সুলতানা প্রথম আলোকে বলেন, জানাজায় অংশ নেওয়ার পর বাড়িতে এসে ভাত খেয়েছেন আইয়ুব বাবুল। এরপর তাঁকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, আইয়ুব বাবুলের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে। ২০২৫ সালে ২৯ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন তিনি। জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, প্যারোলে মুক্তি পাওয়া ওই আওয়ামী লীগ নেতা পুলিশের পাহারায় জানাজায় অংশ নিয়েছেন। নির্ধারিত সময় শেষে তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।