বগুড়া ও জয়পুরহাট

হিমাগারে রাখা আলুতে বড় লোকসানের শঙ্কা

প্রতি কেজিতে গড়ে ৬ টাকা পুঁজি হারাচ্ছেন কৃষকেরা। দুই জেলায় ১১৭ কোটি টাকার ক্ষতির শঙ্কা রয়েছে।

  • বগুড়া-জয়পুরহাটের ৫৫টি হিমাগারে রোববার পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টন আলু পড়ে আছে।

  • দরপতনের পর প্রতি বস্তায় লোকসান ৩৬৫ টাকা।

আলু

বগুড়া ও জয়পুরহাট জেলার হিমাগারগুলোতে সংরক্ষণ করা আলু প্রতিবছরের ১৫ নভেম্বরের মধ্যে শেষ হয়ে যায়। এবার নভেম্বরের শেষে এসেও ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টন আলু পড়ে আছে, যা মোট সংরক্ষণ করা আলুর ৩০ শতাংশ। বর্তমান বাজারদর অনুযায়ী এ আলু বিক্রি করতে গেলে কৃষক ও ব্যবসায়ীদের ১১৭ কোটি টাকা লোকসান গুনতে হবে। ফলে অনেকেই হিমাগার থেকে আলু তুলতে আগ্রহী হচ্ছেন না।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই জেলার হিমাগারগুলোতে রোববার (২৭ নভেম্বর) প্রতি কেজি আলু গড়ে ১২ টাকায় বিক্রি হয়েছে। উৎপাদন থেকে সংরক্ষণ পর্যন্ত প্রতি কেজি আলুতে গড় খরচ ১৮ টাকা। এই হিসাবে প্রতি কেজি আলুতে লোকসান হচ্ছে ৬ টাকা। বাজারে নতুন আলু উঠতে শুরু করায় হিমাগারে রাখা আলুর দাম প্রতিদিনই পড়তির দিকে। ফলে দাম আরও পড়ে যাওয়ার শঙ্কা আছে। এতে লোকসানের অঙ্কও বাড়বে।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের হিসাব বলছে, বগুড়া-জয়পুরহাটের ৫৫টি হিমাগারে এবার ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি আলু সংরক্ষণ ছিল। এর মধ্যে প্রায় ১ লাখ মেট্রিক টন বীজ আলু। বাকি ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন আলু বিক্রির জন্য। রোববার পর্যন্ত হিমাগারে ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টন আলু পড়ে আছে।

জয়পুরহাটের কালাই উপজেলার আরবি কোল্ড স্টোরেজে ৩০০ বস্তা আলু রেখেছিলেন হাতিয়র গ্রামের মোশারফ হোসেন। তিনি বলেন, ৬৫ কেজি ওজনের এক বস্তা অ্যাসটরিক জাতের আলুতে খরচ হয়েছে ১ হাজার ১৬৫ টাকা। এর মধ্যে ১১ টাকা কেজি দরে ৬৫ কেজি আলুর দাম ছিল ৭১৫ টাকা। চটের বস্তা ১০০ টাকা, পরিবহন ও কুলিভাড়াসহ আনুষঙ্গিক খরচ ১০০ টাকা। এর সঙ্গে হিমাগার ভাড়া ২৫০ টাকা। দরপতনের পর হিমাগার পর্যায়ে এক বস্তা আলুর দাম ৮০০ টাকা। প্রতি বস্তায় লোকসান ৩৬৫ টাকা।

কৃষক ও ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, রোববার অ্যাসটরিক ও ডায়মন্ড জাতের আলু প্রতি বস্তা (৬৫ কেজি) ৭৮০ থেকে ৮০০ টাকা এবং দেশি পাকরি আলু ১২০০ থেকে ১২৫০ টাকা দরে বিক্রি হয়েছে। অ্যাসটরিক জাতের আলু প্রতি বস্তায় ১ হাজার ১৫০ টাকা, পাকরি আলু প্রতি বস্তায় ১ হাজার ৫০০ টাকা, ডায়মন্ড জাতের আলু প্রতি বস্তায় ১ হাজার ৩০০ টাকা খরচ হয়েছে।

বগুড়া সদরের নওদাপাড়া এলাকার বিসিএল কোল্ড স্টোরেজের ধারণক্ষমতা ২ লাখ ১৩ হাজার মেট্রিক টন। এখনো হিমাগারটির ৪০ হাজার মেট্রিক টন আলু অবিক্রীত।

গত মৌসুমে বগুড়ায় ৫৭ হাজার ৫০৭ হেক্টর জমিতে ১১ লাখ ২১ হাজার মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। এর মধ্যে জেলার ৩৭ হিমাগারে ৫ লাখ ৫১ হাজার মেট্রিক টন আলু আছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার অতিরিক্ত উপপরিচালক মো. এনামুল হক বলেন, এবার অন্য জেলায় আলু কম যাচ্ছে। তা ছাড়া রেকর্ড জমিতে সবজি চাষ হয়েছে। এসব কারণে আলুর চাহিদা বাজারে কিছুটা কম।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, কৃষি উন্নয়ন করপোরেশনের ৩০টিসহ দেশে এবার ৪০৮টি হিমাগারে ৪২ লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে ৮ লাখ মেট্রিক টন বীজ আলু আছে। রোববার পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের হিমাগার থেকে ৭০ ভাগ এবং অন্য অঞ্চলে গড়ে ৬০ ভাগ আলু বিক্রি হয়েছে।

কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, আলুর বাজারমূল্যে এ বিপর্যয় ঠেকাতে প্রক্রিয়াজাত কারখানার সংখ্যা বৃদ্ধি ও রপ্তানির উদ্যোগ দরকার।