নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ডোবা থেকে আবুল হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ রোববার সকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজার রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আবুল হোসেন ওই এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে। উদ্ধারের পর তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত থেকে আবুল হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে বাড়ি থেকে আনুমানিক ৫০ গজ দূরে সড়কের পার্শ্ববর্তী একটি ডোবায় তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, শুক্রবার আবুল হোসেনদের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। এরই মধ্যেই রাতে আবুল হোসেন নিখোঁজ হন। শনিবার রাতে বিষয়টি মৌখিকভাবে তাঁর পরিবার থেকে থানায় জানানো হয়।
ওসি মোহাম্মদ শামসুজ্জামান আরও বলেন, সুরতহাল প্রতিবেদনে ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই যুবক মৃগীরোগে আক্রান্ত ছিলেন। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটি ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।