
মাদারীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় এক ভাতিজা তাঁর ঘুমন্ত চাচাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের হাওলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চাচার নাম মজিবুর আকন (৬০)। তিনি একই এলাকার মৃত জয়নুদ্দিন আকনের ছেলে। আজ সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ভাতিজার নাম ইকবাল আকন। তিনি মজিবুর আকনের ভাই রাজ্জাক আকনের ছেলে।
মজিবুর রহমানের আরেক ভাজিতা আল আমিন বলেন, ‘ইকবাল মাদকাসক্ত। তাঁর মানসিক সমস্যা রয়েছে। নেশা করায় আমার চাচা মজিবুর আকন তাঁরে শাসন করতেন।’
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্ত ইকবাল আকনের সঙ্গে তাঁর চাচার পূর্বশত্রুতা আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের ধারণা, ইকবাল মাদকাসক্ত বা মানসিক রোগী। পুলিশ তাঁকে ধরতে কাজ করছে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মজিবুর আকন আজ দুপুরে খাবার খেয়ে তাঁর ঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। তাঁর ঘরের পাশের কক্ষে থাকেন তাঁর ভাতিজা ইকবাল আকন। বিকেল চারটার দিকে ইকবাল তাঁর চাচার ঘরে ঢুকে তাঁকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
মজিবুর আকনের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে যান। এরপর তাঁকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাওলিন আফরোজ প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যক্তির হাত, পা, বুক, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
অভিযুক্ত ইকবাল আকনের বাবা রাজ্জাক আকন প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে আমার ভাইয়ের কোনো বিবাদ নেই। আমার ভাই নির্দোষ। আমার ছেলে আমার ভাইকে কোনো কারণ ছাড়াই কোপাইছে। আমার ছেলে এখন কোথায় আছে জানি না। কেন এমন কাজ করল তা–ও জানি না। ওর বিচার হোক।’