বান্দরবান জেলার মানচিত্র
বান্দরবান জেলার মানচিত্র

লামায় রিসোর্টে ব্যাগ রেখে নদীতে গোসলে গিয়েছিলেন তরুণ, এরপর নিখোঁজ

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মাতামুহুরী নদীর ভাটিতে উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সাদা পাথর এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিখোঁজ পর্যটকের নাম আবদুল ওয়াদুদ (১৯)। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বিকেল চারটা পর্যন্ত তাঁকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। তাঁকে উদ্ধারে চট্টগ্রাম থেকে ডুবুরি দল বান্দরবানে যাচ্ছে।

লামা ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ১০–১২ জন তরুণের একটি দল লামার সাদা পাথর এলাকায় ঘুরতে আসেন। পরে তাঁরা আগে থেকে ভাড়া করে রাখা রিসোর্টের কক্ষে ব্যাগ রেখে নদীতে গোসলে নামেন। এ সময় আবদুল ওয়াদুদ নদীতে তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

লামা  আবাসিক হোটেল ও অবকাশ যাপনকেন্দ্র মালিক সমিতির সদস্যসচিব সাবেকুল মাওলা বলেন, মাতামুহুরী নদীর ভাটিতে এবং লামা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সাদা পাথর এলাকার অবস্থান। সেখানেই তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। নদীর তীরে সাদা পাথরের পাহাড়, নদীর বাঁক ও সবুজের সমারোহে মনোরম জায়গাটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। আবাসিক ও অনাবাসিক পর্যটক সবাই সেখানে যান। নদীতে নেমে অসাবধানতার কারণে আগেও সেখানে পর্যটকডুবির ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নিখোঁজ আবদুল ওয়াদুদকে উদ্ধারে চট্টগ্রাম থেকে ডুবুরি দল আসছে। তারা উদ্ধার তৎপরতা চালাবে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল জানিয়েছেন, নিখোঁজ পর্যটককে উদ্ধার করতে কাজ চলছে। চট্টগ্রামে থাকা তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে।