নারায়ণগঞ্জে ডাকাতির সময় আটক ৮, হামলায় আহত দুই পুলিশ

আটক
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে একটি বাল্কহেডে ডাকাতির সময় আটজনকে আটক করেছে নৌ পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার বক্তাবলী ইউনিয়নের চর রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন বাবুল হক (৫৫), ময়না খান (৩০), আরাফাত হালদার (৩০), হারুন ব্যাপারী (৫০), মো. হৃদয় খান (২১), শাহ আলম (৫০), শাহ জাহান খান (৪৫) ও সুজাত হালদার (৪০)। নৌ পুলিশ বলছে, আটক ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য।

বক্তাবলী নৌ পুলিশের পরিদর্শক মো. নান্নু মিয়া বলেন, আজ ভোরে ধলেশ্বরী নদীতে একটি বাল্কহেডে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। বাল্কহেডের শ্রমিকদের চিৎকার শুনে নদীর পাশের গ্রামের মানুষ ঘুম থেকে জেগে চিৎকার করতে থাকেন। খবর পেয়ে টহলরত নৌ পুলিশের দল বাল্কহেডের সামনে যেতে থাকে। তখন ডাকাতেরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ও হামলা চালায়। এতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান ও কনস্টেবল আনোয়ার সুলতান আহত হয়েছেন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতেরা বাল্কহেডের ভেতরে অবস্থান নেয়। পরে পুলিশ আট ডাকাতকে আটক করে। পানিতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেছে চার–পাঁচজন ডাকাত। এ সময় ডাকাতদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি ট্রলার।

নৌ পুলিশ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিনা মাহমুদ বলেন, ডাকাতের হামলায় আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটক ডাকাতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা প্রক্রিয়াধীন।