বরিশালে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। বুধবার সকালে বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে
ছবি: প্রথম আলো

বিদ্যুৎ, ভোজ্যতেল, চাল-ডাল, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে। আজ বুধবার সকালে বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করে গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটি, বহুমুখী শ্রমজীবী ও হকার্স সমিতি। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। দফায় দফায় বিদ্যুৎ, এলপি গ্যাস, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে ব্যবসায়ীদের মুনাফা লুটের পথ করে দিচ্ছে। দেশের মানুষ এখন ন্যূনতম খেয়েপরে বেঁচে থাকার জন্য রীতিমতো লড়াই করছে। কিছু মানুষ অর্থবিত্তে ফুলেফেঁপে উঠছে। এই লুটতন্ত্রের অর্থনীতির জাঁতাকলে পিষ্ট মানুষের পক্ষে এখন আর কোনো রাজনীতি নেই। অথচ মাথাপিছু আয় বৃদ্ধির ফাঁকা বুলি দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে সরকার।

সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ। বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সদস্য ইয়াসমিন সুলতানা, বহুমুখী শ্রমজীবী ও হকার্স সমিতির আহ্বায়ক আরিফুর রহমান, গণতন্ত্র মঞ্চের জেলা কমিটির সদস্য আবদুল মান্নান, ছাত্র ফেডারেশনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির প্রমুখ। সমাবেশ শেষে তাঁরা সদর রোডে মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। সেখানে নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। পরে তাঁরা দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর জমা দেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের মানুষের এমন দুর্বিষহ অবস্থার মধ্যে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার। সবশেষ ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ৫ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয় বিদ্যুতের দাম, যা কার্যকর চলতি মাস থেকে। এতে সাধারণ মানুষের বেঁচে থাকা আরও কষ্টসাধ্য হয়ে গেল। বিদ্যুতের দাম বাড়ার কারণে নিত্যপণ্যের দাম আরও বাড়বে। সামনে রমজান মাস, তাই সব ক্ষেত্রেই মানুষ অসহনীয় ভোগান্তিতে পড়বে।