সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ৯৮ কোটি ১৭ লাখ টাকার লটারিজয়ী প্রবাসী বাংলাদেশি মো. রাইফুল ইসলামের (৩৬) বাড়ি নোয়াখালীতে। তাঁর বাড়ি জেলার হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নের দক্ষিণ চর ঈশ্বর রায় গ্রামে। তাঁর বাবা ও মা মারা গেছেন। চার ভাইয়ের মধ্যে রাইফুল তৃতীয়।
রাইফুলের স্ত্রী ইশরাত জাহান বলেন, তাঁর স্বামী ফোনে লটারি জেতার খবর তাঁকে জানিয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি ফোন করেন। এরপর রাইফুলের লটারি জেতার খবর পৌঁছে যায় গোটা হাতিয়া উপজেলায়। এ খবর তাঁর গ্রামের বাড়িতে ভিড় করেছেন অনেকে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাইফুলের বড় ভাই বাবুল উদ্দিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বর্তমানে অসুস্থ হয়ে বাড়িতে আছেন। মেজ ভাই সাইফুল ইসলাম বাড়িতে থাকেন। স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন তিনি। ছোট ভাই রুবেল উদ্দিন সৌদি আরবে থাকেন পাঁচ বছর ধরে। বাড়িতে রাইফুলের কোনো বসতঘর নেই। বিয়ের পর থেকে স্ত্রী নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। ১০ জানুয়ারি তাঁর দেশে ফেরার কথা।
ইশরাত জাহান প্রথম আলোকে বলেন, ২০২১ সালের ২৪ মার্চ তাঁদের বিয়ে হয়। স্বামীর বাড়িতে জায়গা থাকলেও কোনো বসতঘর না থাকায় বিয়ের পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকেন। তাঁদের এক মেয়েসন্তান আছে। স্বামী এবার দেশে এসে বাড়ি করবেন বলে তিনি জানান। স্বামী যেন লটারির টাকা সঠিকভাবে কাজ লাগাতে পারেন, সবার কাছে সেই দোয়া চান তিনি।
রাইফুল ইসলামের শ্যালক মেহেদি হাসান বলেন, তাঁর একমাত্র বোনের জামাই রাইফুল। ভগ্নিপতির লটারি জয়ের খবরে তাঁরা সবাই খুবই খুশি।