বৃষ্টিতে ঘর ছেড়ে দোকানে আশ্রয় শুকুর-জাহানারার

বৃষ্টির কারণে ঘরের মধ্যে হাটু পানি। রান্নাঘর তলি আছে বৃষ্টির পানিতে। এ কারণে বাড়ি ছেড়ে দোকানে এসে রান্না করছেন জাহানারা বেগম। আজ বৃহস্পতিবার সকালে
ছবি: প্রথম আলো

প্রতিদিন ভোর থেকেই ব্যস্ততা শুরু হয় শুকুর আলীর। দক্ষ হাতে শুরু করেন পরোটা তৈরির কাজ। সকাল ৬টা থেকেই ক্রেতারা ভিড় করেন তাঁর দোকানে। তাই আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। তাঁর ওই কাজে সহযোগিতা করেন স্ত্রী জাহানারা বেগম।

আজ বৃহস্পতিবার সকালে ক্রেতা সামলানোর ওই ব্যস্ততা ছিল না শুকুর আলী ও জাহানারা বেগমের। দোকান খুলেছেন ঠিকই, তবে পরোটা-পুরি তৈরি করার জন্য নয়। সকালে নিজেদের খাওয়ার জন্য ভাত রান্না করছেন জাহানারা বেগম। রাতের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে শুকুর আলীদের থাকার ঘর, বারান্দা, রান্নাঘর। নষ্ট হয়ে গেছে মাটির চুলা। এ কারণে থালা-বাটি, হাঁড়িপাতিল নিয়ে উঠেছেন দোকানে। সেখানেই সকালের রান্নার ব্যবস্থা করেছেন।

দোকানটি খুলনা নগরের প্রান্তিক আবাসিক এলাকায়। ছোট টিনের ছাপড়া হলেও কম দামে রুটি, পরোটা, পুরি পাওয়া যায় বলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের কাছে দোকানটি খুবই জনপ্রিয়। এই দুর্মূল্যের বাজারে এখনো পাঁচ টাকায় পরোটা, তিন টাকায় পুরি ও শিঙাড়া বিক্রি করেন শুকুর আলী।

দোকান চালাতে না পারলে আগামীকাল না খেয়ে থাকতে হবে বলে জানান জাহানারা বেগম।

গত সোমবার সকাল থেকে খুলনায় একটানা বৃষ্টি হচ্ছে। তিন দিন মেঘের আড়ালে মুখ লুকিয়ে আছে সূর্য। আজও একই অবস্থা। খুলনা আবহাওয়া কার্যালয়ের তথ্যানুযায়ী, গতকাল বুধবার রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার, যা ছিল এ বছরের মধ্যে সর্বোচ্চ। আর ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৪৬ মিলিমিটার। আজ সকালের দিকে বৃষ্টির পরিমাণ কমলেও ততক্ষণে তলিয়ে গেছে খুলনার অধিকাংশ নিম্নাঞ্চল। নগরের প্রধান প্রধান সড়কগুলোও ছিল পানির নিচে। বিশেষ করে রয়েল মোড়, সামছুর রহমান সড়ক, শান্তিধাম মোড়, শিববাড়ির কেডিএ অ্যাভিনিউ, নিউমার্কেটের সামনের সড়ক, নূর নগরসহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে।

বৃষ্টির কারণে আজ সকাল সাড়ে ৯টার দিকেও সড়কে ছিল না মানুষের আনাগোনা। খুব বেশি প্রয়োজন না হলে মানুষ ঘর থেকে বাইরে বের হননি। এরই মধ্যে দেখা যায়, দোকানের সামনের অংশ খুলে মাটির চুলায় ভাত রান্না করছেন জাহানারা বেগম। ছোট হাঁড়িতে দুজনের ভাত রান্না হচ্ছে। কাঠ ভিজে থাকায় ধোঁয়ায় ভরে যাচ্ছে দোকান। দুই-একজন ক্রেতা আসছেন, কিন্তু তাঁদের খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন তিনি। ভারাক্রান্ত মন নিয়ে শোনাচ্ছেন পরোটা তৈরি না করার কারণ। এরই মধ্যে কথা হয় জাহানারা বেগমের সঙ্গে।

দুর্মূল্যের বাজারে এখনো পাঁচ টাকায় পরোটা, তিন টাকায় পুরি ও শিঙাড়া বিক্রি করেন শুকুর আলী। খুলনা নগরের প্রান্তিক আবাসিক এলাকায়

জাহানারা বেগম বলেন, ঘরের মধ্যে হাঁটুপানি। বারান্দা, রান্নাঘর সবই পানিতে তলিয়ে আছে। রান্নাঘরের মাটির চুলা নষ্ট হয়ে গেছে। এ কারণে সেখানে রান্না করা যাচ্ছে না। বৃষ্টির মধ্যে রাতভর জেগে থাকতে হয়েছে। ঘরের টিনের ছাউনির ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়েছে। বিছানা, চাঁদর, কাঁথা, বালিশ থেকে শুরু করে সবই পানিতে ভিজে জবুথবু হয়ে গেছে। ঘরে থাকার কোনো পরিবেশ নেই। তাই সকালে খাওয়ার জন্য দোকানে এসে রান্না করছেন। বন্ধ রেখেছেন পরোটা, রুটি, পুরি তৈরির কাজ।

দোকান ও বাড়ির দূরত্ব দেড় শ মিটারের মতো। জাহানারা বেগম যখন ভাত রান্নায় ব্যস্ত ছিলেন, তখন শুকুর আলী ব্যস্ত ছিলেন ঘর থেকে পানি সরিয়ে দেওয়ার কাজে। শুকুর আলীর বয়স ৬৫ পেরিয়ে গেছে। আর জাহানারা বেগমের ৬০ ছুঁই ছুঁই। তাঁদের তিন মেয়ে, সবারই বিয়ে হয়ে গেছে। এখন শুধু স্বামী-স্ত্রীর সংসার। আয়ের উৎস বলতে শুধু ওই দোকানই।

জাহানারা বেগমের কপালে চিন্তার ছাপ। তিনি বলেন, হাতে কোনো টাকা নেই। সব কুড়িয়ে ১ হাজার ১০০ টাকা হয়েছিল, তা দিয়ে রাতে কাঠ কেনা হয়েছে। বৃষ্টিতে সেটিও ভিজে গেছে। পাশের দোকান থেকে বাকিতে অল্প কিছু চিংড়ি কিনেছেন, পেঁয়াজ দিয়ে তা ভুনা করে সকাল ও দুপুরে খাবেন। দোকান চালাতে না পারলে আগামীকাল না খেয়ে থাকতে হবে।