
ধর্ম নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ উপজেলায় ওই শিক্ষার্থীর বাড়ি থেকে তাঁকে আটক করে রংপুরের পুলিশ।
রংপুর মহানগরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদির প্রথম আলোকে বলেন, ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে এখনো মামলা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ইসলাম ধর্ম নিয়ে ওই শিক্ষার্থী ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার রাত থেকে ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় উত্তেজনা দেখা দেয়। রংপুরের তাজহাট থানার পুলিশ বীরগঞ্জে গিয়ে তাঁকে আটক করে রংপুরে নিয়ে আসে।