রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিএনপির সমাবেশে যোগ দেওয়ায় ছাত্রদল নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ নেতার অনুসারীরা লাঠি দিয়ে বেধড়ক পেটানো শুরু করলে ছাত্রদলের নেতা নুরুদ্দীন ও রাফি ইবলিশ চত্বরের দিকে দৌড়ে পালিয়ে যান। আজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের দুই সদস্যকে মারধর করেছেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। আজ সোমবার বেলা পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন–সংলগ্ন লিপু চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত এক ছাত্রদল নেতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারধর করার বিষয়টি স্বীকার করেছেন ছাত্রলীগের নেতা সাকিবুল হাসান ওরফে বাকি। তিনি নিজেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র তিনি। সাকিবুল প্রথম আলোকে বলেন, রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়। সেখানে ছাত্রদলের চিহ্নিত কয়েকজন নেতা-কর্মী আনন্দমিছিল করেন এবং সমাবেশ সফল করতে সেখানে যোগ দেন। ক্যাম্পাসে দেখতে পেয়ে তাঁদের প্রতিরোধ করা হয়েছে।

মারধরের সময় সাকিবুলের সঙ্গে ছিলেন হাবিব আদনান, মুসরাহিকুল ইসলাম ও আল নুর নামের তাঁর তিন অনুসারী। তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র।

মারধরে শিকার ছাত্রদলের নেতা-কর্মীরা হলেন শেখ নুরুদ্দীন আবীর ও রাফি খান। নুরুদ্দীন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আর রাফি খান কর্মী। নুরুদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ও রাফি একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। নুরুদ্দীনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদলের নেতা শেখ নুরুদ্দীন আবীর ও রাফি খান লিপু চত্বরের সামনে ছিলেন। এ সময় ছাত্রলীগের নেতা সাকিবুল হাসানসহ তাঁর কয়েকজন অনুসারী এই দুজনকে এসে মারধর শুরু করেন। একপর্যায়ে লাঠি দিয়ে বেধড়ক পেটানো শুরু করলে নুরুদ্দীন ও রাফি ইবলিশ চত্বরের দিকে দৌড়ে পালিয়ে যান। এরপর সাকিবুল ও তাঁর অনুসারীরা কিছু সময় ক্যাম্পাসের সড়কে লাঠি নিয়ে মহড়া দেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ বলেন, ‘কয়েক দিন ধরেই ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ছাত্রদলের ছেলেদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আজ দুপুরে তাঁরা আমাদের দুজন নেতা-কর্মীর ওপর অতর্কিত হামলা চালান। এতে একজন গুরুতর আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেলে ভর্তি আছেন।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমরা মারধরের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা যতটুকু জেনেছি, এটি লোকপ্রশাসন বিভাগের অভ্যন্তরীণ সমস্যা। এখানে রাজনৈতিক কোনো বিষয় ছিল না। তবে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এক নেতাকে মারধর করা হয়েছে। আমরা বিষয়টির খোঁজখবর নিচ্ছি।’