চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহ ভাবিকে নিয়ে বাড়ি ছেড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এনসিপি নেতার বাবা আজ রোববার বিকেলে শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার গভীর রাতে প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে রহমত উল্লাহ বাড়ি থেকে চলে যান। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের সদস্যরা তাঁদের খোঁজ শুরু করেন। তবে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
ওই নারীর পরিবারের সদস্যরাও শাহরাস্তি মডেল থানায় এসে অভিযোগ করেন।
স্বজনদের ভাষ্য, দুজনের সম্পর্কের বিষয়টি পরিবারের নজরে আসে। জানাজানি হলে তাঁরা দুজন বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যান।
মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে দুজনের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম জানান, ‘এই ঘটনার পর আমরা শেখ রহমত উল্লাহকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছি।’
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান। তিনি বলেন, রহমত উল্লাহ বিবাহিত। তাঁর দুই সন্তান আছে। ভাবিকে নিয়ে উধাও হওয়ার বিষয়ে রহমত উল্লাহর স্ত্রীও মৌখিক অভিযোগ করেছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।