
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ১৬ জন কর্মচারীকে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক শামিউল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে তাঁদের বদলি করা হয়।
এতে বলা হয়, আদেশ জারির সাত দিনের মধ্যে তাঁদের বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। এই আদেশ মানা না হলে পরদিন থেকে তাঁরা সরাসরি অব্যাহতি দেওয়া হয়েছে বলে গণ্য হবেন।
মেডিকেল কলেজের বদলি হওয়া ওই ১৬ জন কর্মচারী হলেন হাসপাতালের অফিস সহায়ক আল আমিন ইসলাম, হামিদুল ইসলাম, মোর্শেদ হাবীব, শাহজাদা মিয়া, আবু জাফর, সিরাজুল ইসলাম, বিউটি আক্তার, বসুনিয়া, ভানুরাম সরকার, নুরুজ্জামান, রইস উদ্দিন, মোহিত আল রশীদ ওরফে উদয়, ওয়ার্ড মাস্টার আবুল হাসান, স্টেনো টাইপিস্ট আবদুল আলীম, নিরাপত্তাপ্রহরী রহমত আলী ও পরিচ্ছন্নতাকর্মী হাছিনা বেগম। তাঁদের বিভিন্ন জেলা হাসপাতালে বদলি করা হয়েছে।
হাসপাতালে ‘অসাধু চক্রের দৌরাত্ম্য, অনিয়ম, অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের’ প্রতিবাদে সোমবার মানববন্ধন করেন রমেক চিকিৎসকেরা। এ সময় তাঁরা বলেন, মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বিভিন্ন সিন্ডিকেট রয়েছে। তাঁদের জন্য সুনাম ক্ষুণ্ন হচ্ছে চিকিৎসকদের। এ কাজে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান চিকিৎসকেরা।
এর আগে ১৭ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট এ বি এম রাশেদুল আমীর তাঁর অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে ‘অসাধু চক্রের’ কবলে পড়ে হয়রানির শিকার হন। এ নিয়ে হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন ওই চিকিৎসক। এরপর হাসপাতালের চুক্তিভিত্তিক দুজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা হলেন মাসুদ হোসেন ও ঝর্ণা বেগম।