
চট্টগ্রামের রাউজানে সুন্নি ঐক্যজোটের ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস নুরীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলারঘাট বাজারে স্থাপিত কার্যালয়টি দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
একই দিন বিকেলে বিষয়টি জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও থানায় লিখিত অভিযোগ করেছেন প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আমান উল্লাহ।
স্থানীয় বাজারের ব্যবসায়ী ও ইসলামী ফ্রন্টের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার রাতেও নির্বাচনী কার্যালয়ে বসে প্রচারণা ও নির্বাচনের নানা কাজ করেছেন ইসলামী ফ্রন্ট ও তাদের ছাত্রসংগঠন ছাত্রসেনার নেতা-কর্মীরা। সকালে বাজারের ব্যবসায়ীরা দেখতে পান কার্যালয়ের পুড়ে যাওয়া আসবাব, ডেকোরেশনের সরঞ্জাম এবং ব্যানার পড়ে আছে। তাঁদের ধারণা, ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে গেছে। এ কারণে দিনভর ওই কার্যালয়ে দলটির প্রচারণা বন্ধ ছিল।
এ প্রসঙ্গে মুঠোফোনে জানতে চাইলে মোমবাতি প্রতীকের প্রার্থী ইলিয়াস নুরী প্রথম আলোকে বলেন, ‘আমার জয়প্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো প্রার্থীর লোকেরা এমন ঘটনা ঘটাতে পারে। তবে আমি এসবে ভীত নই। সুন্দর আগামী এবং সন্ত্রাসমুক্ত রাউজান গড়তে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। এ কারণে আমার কর্মী–সমর্থকদের হুমকিও দেওয়া হচ্ছে। প্রশাসনের সহযোগিতা চাই আমরা।’
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাটির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে থানা-পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।