চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় এ বছর আবেদন করেছেন ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ শিক্ষার্থী। অন্য কোনো বছর ভর্তির জন্য এত শিক্ষার্থী আবেদন করেননি। এর আগে সবচেয়ে বেশি গত ২০২২-২৩ শিক্ষাবর্ষে ২ লাখ ১৪ হাজার ৩২৯ শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে হিসাবে এ বছর আবেদনের নতুন রেকর্ড হলো।
৪ জানুয়ারি থেকে এ আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল গতকাল বৃহস্পতিবার রাত ১২টায়। আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত ফি জমা দিয়েছেন ২ লাখ ৪০ হাজার ৯০৬ জন। আগামীকাল শনিবার রাত ১২টায় আবেদন ফি জমা দেওয়ার মেয়াদ শেষ হবে। তখন মোট কত শিক্ষার্থী পরীক্ষায় বসবেন, সে বিষয়টি চূড়ান্ত হবে।
বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। সে হিসাবে এক আসনের বিপরীতে এ বছর আবেদন করেছেন প্রায় ৫২ জন (৫১ দশমিক ৭০)। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ‘এ’ (A) ইউনিটে।
আজ শুক্রবার সকালে আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ।
গত বছরের মতো এ বছরও চারটি ইউনিট ও দুটি উপইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হলো—‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ইউনিট ও ‘বি-১’, ‘ডি-১’ উপইউনিট। এসব ইউনিট মিলিয়ে মোট আসন ৪ হাজার ৯২৬টি। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি। আর বাকি ৭৩৭টি আসন বিভিন্ন কোটায় বরাদ্দ থাকে।
‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। চার অনুষদে মোট সাধারণ আসন ১ হাজার ২১৫টি। এই ইউনিটে মোট আবেদন করেছেন ১ লাখ ১ হাজার ৬৬৩ শিক্ষার্থী। এর মধ্যে আবেদন ফি জমা দিয়েছেন ৯৮ হাজার ৭৭৫ শিক্ষার্থী। অর্থাৎ ‘এ’ ইউনিটে এক আসনের বিপরীতে আবেদন করেন প্রায় ৮৪ শিক্ষার্থী।
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে (নাট্যকলা, চারুকলা ও সংগীত বিভাগ ছাড়া) মোট সাধারণ আসন ১ হাজার ২২১টি। এই ইউনিটে আবেদন করেছেন ৬৮ হাজার ৩৯৬ শিক্ষার্থী। এর মধ্যে ফি জমা দিয়েছেন ৬৪ হাজার ৬০৬ শিক্ষার্থী। সে হিসাবে এই ইউনিটের একটি আসনে প্রার্থী প্রায় ৫৩ শিক্ষার্থী।
অন্যদিকে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে বিভাগ রয়েছে ছয়টি। এতে সাধারণ আসন ৬৪০টি। এই ইউনিটে মোট আবেদন করেছেন ১৮ হাজার ৭৯৫ শিক্ষার্থী। ফি জমা দিয়েছেন ১৭ হাজার ২ শিক্ষার্থী। এই ইউনিটে আসনপ্রতি প্রার্থী প্রায় ২৯।
‘ডি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ ও জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগ রয়েছে। এতে মোট আসন রয়েছে ৯৫৮টি। এই ইউনিটে আবেদন জমা পড়েছে ৫৯ হাজার ৯০৬টি। সে হিসাবে এক আসনের বিপরীতে প্রার্থী প্রায় ৬৩। এখন পর্যন্ত মোট আবেদন ফি জমা দিয়েছেন ৫৬ হাজার ৯৪১ জন।
এ ছাড়া শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ নিয়ে গঠিত ‘ডি-১’ উপইউনিটে আসন রয়েছে ৩০টি। এতে আবেদন করেছেন ৩ হাজার ১১৬ শিক্ষার্থী। সে হিসাবে আসনপ্রতি প্রার্থী ১০৩। এই উপইউনিটে এখন পর্যন্ত আবেদন ফি জমা দিয়েছেন ১ হাজার ৯৪৮ জন।
নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগ নিয়ে গঠিত ‘বি-১’ উপইউনিটে আসন রয়েছে ১২৫টি। এই উপইউনিটে আবেদন করেছেন ২ হাজার ৭৬৩ শিক্ষার্থী। সে হিসাবে আসনপ্রতি প্রার্থী ২২। এতে এখন পর্যন্ত আবেদন ফি জমা দিয়েছেন ১ হাজার ৬৩৬ জন।
আগামী ২ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এ ছাড়া ৭ মার্চ ‘সি’ ইউনিট, ৮ মার্চ ‘বি’ ইউনিট ও ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। অন্যদিকে ‘বি-১’ ও ‘ডি-১’ উপইউনিটের পরীক্ষা যথাক্রমে ৩ ও ৪ মার্চ অনুষ্ঠিত হবে।
সব ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরের। এর মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আর বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ‘ডি-১’ উপইউনিট বাদে সব ইউনিটেই পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
‘এ’ ইউনিট: এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলায় ১০, ইংরেজিতে ১৫, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা প্রতিটিই ২৫ নম্বর করে (শিক্ষার্থীদের যেকোনো তিনটি বিষয়ে উত্তর দিতে হবে) থাকবে। পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৩, ইংরেজিতে ৪ নম্বর পেতে হবে।
‘বি’ ইউনিট: এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩৫, ইংরেজিতে ৩৫, সাধারণ জ্ঞানে ৩০ নম্বর থাকবে। পাস করতে হলে আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৭, ইংরেজিতে ৬ ও সাধারণ জ্ঞানে ১৩ নম্বর পেতে হবে।
‘বি-১’ উপইউনিট: কলা ও মানববিদ্যা অনুষদ অধিভুক্ত চারুকলা ইনস্টিটিউট, নাট্যকলা ও সংগীত বিভাগ ‘বি-১’ উপইউনিটের অধীন।
এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩৫, ইংরেজিতে ৩৫, সাধারণ জ্ঞানে ৩০ নম্বর থাকবে। এ ছাড়া আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৬, ইংরেজিতে ৫ আর সাধারণ জ্ঞানে ১৭ নম্বর পেতে হবে।
‘সি’ ইউনিট: ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান অংশে ৩০ নম্বর থাকবে।
‘ডি’ ইউনিট: সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা অনুষদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ, জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল, পরিবেশবিদ্যা ও মনোবিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষা হবে ‘ডি’ ইউনিটের। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, বিশ্লেষণ দক্ষতায় ২০, সাধারণ জ্ঞান, গণিত বা অর্থনীতিতে ২০ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
‘ডি-১’ উপইউনিট: ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের জন্য পরীক্ষা হবে ‘ডি-১’ উপইউনিটে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরের মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩৫, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৩৫ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫। তবে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ন্যূনতম পাস নম্বর হবে ২৫।