৯ মাসের ব্যবধানে নাটোরের লালপুর উপজেলা ভূমি কার্যালয়ে আবারো চুরির ঘটনা ঘটেছে
৯ মাসের ব্যবধানে নাটোরের লালপুর উপজেলা ভূমি কার্যালয়ে আবারো চুরির ঘটনা ঘটেছে

নাটোরে ভূমি কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার সরঞ্জামসহ কম্পিউটার চুরি

নাটোরের লালপুরে উপজেলা ভূমি কার্যালয়ে ৯ মাসের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ও তালা ভেঙে কার্যালয়ে ঢুকে কম্পিউটার, মনিটর ও সিসিটিভি ক্যামেরার সরঞ্জামসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার ভোররাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে প্রথম আলোকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন।

আবীর হোসেন বলেন, দুর্বৃত্তরা প্রথমে সহকারী কমিশনারের (ভূমি) কক্ষের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে একটি কম্পিউটার ও সিসিটিভি ক্যামেরার ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার)–সহ সংশ্লিষ্ট যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। এতে অফিসের নিরাপত্তা নজরদারির ব্যবস্থা আংশিকভাবে অচল হয়ে পড়ে। দুর্বৃত্তরা পাশের নাজিরের কক্ষ থেকেও কম্পিউটার, মনিটরসহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে গেছে। সকালে কর্মকর্তারা চুরির বিষয়টি টের পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যাওয়ায় ঘটনার সময়ের কোনো ফুটেজ পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চুরি হওয়া কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামে গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা ডেটা সংরক্ষিত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা ভূমি কার্যালয়ের জানালার গ্রিল ভেঙে কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আশপাশে অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর এই ভূমি কার্যালয় থেকেই কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটে। সেসব যন্ত্রাংশ উদ্ধার কিংবা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ছাড়া সম্প্রতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকেও কম্পিউটার ও সরঞ্জাম চুরি করে দুর্বৃত্তরা।