সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীর বিড়ালক্ষ্মী এলাকায় হঠাৎ ৭০ থেকে ৮০ ফুট জায়গায় ধস নেমেছে। বুধবার সকালে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীর বিড়ালক্ষ্মী এলাকায় হঠাৎ ৭০ থেকে ৮০ ফুট জায়গায় ধস নেমেছে। বুধবার সকালে

শ্যামনগরে খোলপেটুয়া নদীর বাঁধে ধস, উদ্বেগ-উৎকণ্ঠায় এলাকাবাসী

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে ধস নেমেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষ্মী এলাকার বাঁধে ধস নামার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির কারণে জেলার উপকূলীয় এলাকার বিভিন্ন বাঁধে ধস, ফাটল ও বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে। এ অবস্থায় উদ্বেগ–উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা।

আটুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, আটুলিয়া ইউপি থেকে তিন কিলোমিটার দূরে খোলপেটুয়া নদীর তীরে বিড়ালক্ষ্মী গ্রাম। ওই গ্রামে প্রায় এক হাজার পরিবারের বসবাস। দুর্যোগ-দুর্বিপাকে তাঁরা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হন। ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি এলাকাবাসী। এর মধ্যে বাঁধে ধস নামছে। বাঁধ ভাঙলে তাঁদের আর উপায় থাকবে না।

নওয়াবেঁকী মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুর রউফ জানান, খোলপেটুয়া নদীর বিড়ালক্ষ্মী এলাকার পাউবোর বাঁধ অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। গতকাল সন্ধ্যার পর ওই বাঁধে হঠাৎ ধস নামে। তিনি বলেন, বাঁধটি ভেঙে গেলে বিড়ালক্ষ্মী, নওয়াবেঁকী, ঘোলা, কাশিমাড়ী, ঝাপালি, গোদাড়াসহ ১০টি গ্রাম প্লাবিত হতে পারে।

আটুলিয়া ইউপির চেয়ারম্যান আবু সালেহ বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাঁধের ধসে যাওয়া স্থানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জোয়ারের পানি একটু কমলে কাজ শুরু করা হবে।

পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. সাজ্জাদুল হক বলেন, খোলপেটুয়া নদীর বিড়ালক্ষ্মী এলাকায় হঠাৎ ৭০ থেকে ৮০ ফুট জায়গায় ধস নেমেছে। ইতিমধ্যে তাঁরা এলাকা পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নিয়েছেন। ধসে যাওয়া স্থানে বালু ফেলা হচ্ছে। দু–এক দিনের মধ্যে পুরোদমে কাজ শুরু হবে।

পাউবো-২ সাতক্ষীরা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার প্রথম আলোকে বলেন, পাউবো-২-এর আওতায় বাঁধের ৪০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ স্থানের ৭–৮টি জায়গা বেশি খারাপ হয়ে গেছে। ওই সব জায়গায় কাজ চলমান।