
দুলাল পালের বয়স যখন ১০ থেকে ১২ বছর, তখন বাবা নারায়ণ পাল ও দাদা বল্লব পালের সঙ্গে মৃৎশিল্পে হাতেখড়ি। যে বয়সে অন্য বন্ধুরা খেলাধুলা করতেন, দুলাল সেই বয়সে বাবা ও দাদার সঙ্গে প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকতেন। শুধু তিনি নন, এ পেশায় আছেন তাঁর আরও চার ভাই।
দুলালেরা পাঁচ ভাই ও দুই বোন। বিয়ের পর বোনেরা যে যাঁর সংসার নিয়ে ব্যস্ত। ভাইয়েরাও পরিবার নিয়ে আলাদা থাকেন। দুলাল পাল একসময় শখের বশে প্রতিমা তৈরির কাজ শুরু করলেও এটিই এখন তাঁর পেশা। ৪৫ বছরের বেশি সময় ধরে তিনি প্রতিমা তৈরি করে চলেছেন। পূজার সময় ব্যস্ততা বেড়ে যায় দুলালের। প্রায় নির্ঘুম রাত কাটে মাসখানেক। সে সময় খাওয়া আর ঘুমের সময় নির্দিষ্ট থাকে না।
সম্প্রতি সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় নিজের দাদা ও বাবার নামে প্রতিষ্ঠিত বল্লব নারায়ণ মৃৎশিল্পালয়ে গেলে কথা হয় দুলাল পালের সঙ্গে। তিনি দুর্গাপূজাকে সামনে রেখে তৈরি করা প্রতিমাগুলোয় রং করায় ব্যস্ত ছিলেন। বাড়ির সামনের একটি অংশ গ্যারেজের মতো বানিয়ে প্রতিমা তৈরি করেন তিনি। সেটিই তাঁর কর্মস্থল। ভোর থেকে গভীর রাত সেখানেই কাজ করেন তিনি। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘বয়স হয়েছে। এখন অবসর নিতে চাই। কিন্তু অবসর নিলে যে আর সংসার চলবে না! ’
পুরোনো দিনের কথা স্মরণ করে দুলাল পাল বলেন, আগে প্রতিমার আকার নিয়ে একধরনের প্রতিযোগিতা চলত। এখন সেটি কমে এসেছে। সাত থেকে আট বছর আগেও দুই থেকে তিন লাখ টাকা মূল্যের প্রতিমা তৈরি করেছেন তিনি। এখন দামি প্রতিমা তৈরির প্রবণতা কমেছে। পূজারিরা এখন ২০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে প্রতিমা চান।
দুলাল পালের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের সব দিনই তিনি বিভিন্ন প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকেন। কাজের চাপ বাড়ে দুর্গাপূজা, সরস্বতী পূজা ও লক্ষ্মীপূজায়। তাঁর দুই ছেলেমেয়ে পড়ালেখা করছেন। প্রতিমা বানিয়ে যা আয়, তা দিয়েই চলে স্ত্রী–সন্তান নিয়ে চারজনের পরিবার। সন্তানদের এ পেশায় আনতে চান না কোনোভাবেই।
নগরের দাড়িয়াপাড়ার বল্লব নারায়ণ মৃৎশিল্পালয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিমার ফরমাশ আসে। সেগুলো সময়মতো শেষ করে পৌঁছানোর আগপর্যন্ত দুলালের স্বস্তি নেই। কাজের চাপ এত বাড়ে যে এ সময় তিন থেকে চারজন প্রতিমাশিল্পী রাখেন তিনি। তাঁদের দিয়ে তিনি মাসিক চুক্তিতে কাজ করান। আবার কেউ কেউ দৈনিক মজুরিতেও কাজ করেন।
৫৮ বছরের দুলাল পাল বলেন, বছরে দেড় হাজারের বেশি প্রতিমা তৈরি করেন তিনি। প্রতিমা তৈরি করতে তিন থেকে চার মাস আগেই প্রস্তুতি নিতে হয়। তবে দুর্গাপূজায় প্রতিমার জন্য ছয় থেকে সাত মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করতে হয়। পুরো কাজ সম্পন্ন হওয়ার পর শান্ত লাগে। মণ্ডপে গিয়ে ভক্তরা যখন দেবীর আরাধনা করেন, তখন শিল্পী হিসেবে অন্য রকম ভালো লাগা কাজ করে।