
চুয়াডাঙ্গার প্রধান নদী মাথাভাঙ্গা। কুমার, নবগঙ্গা, চিত্রা ও ভৈরব (আপার) নদ–নদীর উৎস এই মাথাভাঙ্গা। জেলার বৃহৎ জনগোষ্ঠীর জীবন ও জীবিকার সম্পর্ক রয়েছে এই নদীর সঙ্গে। একসময়ের খরস্রোতা মাথাভাঙ্গায় জেলেরা মাছ ধরতেন, নৌকাবাইচ হতো, পণ্য ও যাত্রীবাহী নৌকা ছুটে চলত গ্রামে-গঞ্জে। দখল ও দূষণে খরস্রোতা সেই নদী এখন অস্তিত্ব–সংকটে। ‘মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন নদী রক্ষায় কাজ করছে। সার্বিক বিষয় নিয়ে প্রথম আলো কথা বলে সংগঠনের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহজাহান আলী বিশ্বাসের সঙ্গে।
প্রথম আলো: মাথাভাঙ্গা নদী দখল ও দূষণের বিষয়টি কীভাবে আপনাদের নজরে এল?
শাহজাহান আলী বিশ্বাস: মাথাভাঙ্গা ছিল দেশের অন্যতম খরস্রোতা নদী। এই নদীপথে কলকাতার সঙ্গে চলত বাণিজ্য। আমরা এই নদী ঘিরে উৎসবের আয়োজন দেখেছি। আমরা সেই নদীকে হত্যার সব রকম আয়োজন করেছি। আমরা জেনে এসেছি, বর্ষাকালে নদীর পানি যত দূর ছড়িয়ে যায়, ততটুকু তার আয়তন। কিন্তু সরেজমিনে দেখেছি, সে আয়তন আর নেই। আমাদের অসচেতনতার কারণে দিন দিন তা সরু হয়ে আসছে। নদীর আশপাশ দেখলে যে কেউ বুঝতে পারবেন, দখল-দূষণ কতটা হয়েছে।
প্রথম আলো: এই নদীর দূষণ ও দখল সম্পর্কে যদি বলতেন?
শাহজাহান আলী বিশ্বাস: চুয়াডাঙ্গা অঞ্চলে নৌযানের বর্জ্য না থাকলেও শিল্পবর্জ্য ও শহরের কঠিন বর্জ্য মাথাভাঙ্গা দূষণের অন্যতম কারণ। পৌরসভাসহ নানা প্রতিষ্ঠান ও ব্যক্তি সব নিয়মনীতি উপেক্ষা করে নদীদূষণ করে চলেছে। মানববর্জ্যও ড্রেন দিয়ে সরাসরি নদীতে গিয়ে পড়ছে। চুয়াডাঙ্গা শহরের বড় বাজারের কসাইখানায় যত পশু জবাই হয়, সেসবের রক্ত ও বর্জ্য সবই নদীতে ফেলা হয়। শহরের বাইরে নদীতীরবর্তী এলাকার মানুষ ক্রমে নদীর জায়গা দখল করে চলেছেন। নদীর পাড় কেটে কূল ভরাট করে চাষাবাদ চলছে। এতে নদী নাব্যতা হারাচ্ছে। নদীতে জীববৈচিত্র্য নেই বললেই চলে। অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছে। নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ প্রতি লিটারে মাত্র দশমিক ৫ মিলিগ্রাম। পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাণিবিজ্ঞানীদের মতে, মাছসহ অন্যান্য জলজ প্রাণীর বসবাসের জন্য প্রতি লিটারে অক্সিজেনের পরিমাণ ৫ মিলিগ্রাম বা তারও বেশি থাকা দরকার। সরকারি-বেসরকারি দপ্তর ও প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের খেয়ালখুশিমতো মাথাভাঙ্গা নদী দখল করছেন।
প্রথম আলো: দখল-দূষণ প্রতিরোধে মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কী কী পদক্ষেপ নিয়েছে?
শাহজাহান আলী বিশ্বাস: ছয় বছর ধরে মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন করছি। দূষণ ও দখল বন্ধে আমরা মানববন্ধন, প্রচারপত্র বিলি, নদীতীরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা করছি। শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আশার আলো দেখতে পাচ্ছি।
প্রথম আলো: প্রশাসনের কাজে আপনারা কতটা আশাবাদী?
শাহজাহান আলী বিশ্বাস: জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা একাধিকবার নদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সহযোগিতায় চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর দখলদারদের তালিকা তৈরি করে বাংলাদেশ নদী কমিশনে পাঠানো হয়েছিল। নদী কমিশন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করেছে। আরও কিছু স্থাপনা রয়ে গেছে। পৌরসভার নালা দিয়ে মানববর্জ্য নদীতে পড়া এখনো বন্ধ হয়নি। এই সমস্যার সমাধান করতে হলে নদীদূষণে জড়িত ব্যক্তিদের সরাসরি শাস্তির আওতায় আনা প্রয়োজন।