
নাটোরের সিংড়া উপজেলায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন দুটি গ্রামের বাসিন্দারা। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের কুমিড়া ও একডালা বাজারে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
পুলিশ ও গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিংড়ার পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আলী (৩৫) গত শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় এক গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ওই শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। পরে তাঁকে গণপিটুনি দিয়ে সিংড়া থানার পুলিশের কাছে দেন তাঁরা। শনিবার দুপুরে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহীন আলীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ শাহীন আলীকে শনিবার বিকেলে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার প্রতিবাদে আজ বেলা সাড়ে ১১টার দিকে ছাতারদীঘি ইউনিয়নের কুমিড়া ও একডালা বাজারে বিক্ষোভ মিছিল করেন গ্রামবাসী। কর্মসূচিতে এলাকার শতাধিক কিশোর-কিশোরী ও নারী-পুরুষ অংশ নেন। পরে কুমিড়া বাজারের সামনের সড়কে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রেজাউল করিম, গ্রামপ্রধান রফিকুল ইসলাম, বাবু সরকার, মিলন হোসেন, আফজাল হোসেন, সালমা খাতুন প্রমুখ। বক্তারা অভিযুক্ত শাহীন আলীর শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, শিক্ষক শাহীন আলীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। জনতার পিটুনিতে আহত হওয়ায় তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে আদালতে পাঠানো হবে।