আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন স্থগিত

নির্বাচন
প্রতীকী ছবি

উচ্চ আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছেন। নির্বাচন কমিশনের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান প্রথম আলোকে বলেন, জেলা পরিষদের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের (গোমস্তাপুর) প্রার্থী শামীমা জাহান সীমানাসংক্রান্ত জটিলতা নিয়ে উচ্চ আদালতে একটি রিট করেছিলেন। সেই রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত নির্বাচনী কার্যক্রম স্থগিত করার আদেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মোতাওয়াক্কিল রহমান আরও বলেন, নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত জেলা পরিষদের সব নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে।