মিঠাপুকুর সাবরেজিস্ট্রারের কার্যালয় জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্ষাকালে বৃষ্টির পানি ঢোকে। টিনশেড ঘরে গরমে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। গত সোমবার দুপুরে
মিঠাপুকুর সাবরেজিস্ট্রারের কার্যালয় জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্ষাকালে বৃষ্টির পানি ঢোকে। টিনশেড ঘরে গরমে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। গত সোমবার দুপুরে

মিঠাপুকুর ও পীরগাছা উপজেলা

ভাড়া জায়গায় জরাজীর্ণ কক্ষে চলছে কার্যক্রম

সাবরেজিস্ট্রার কার্যালয়ের ভেতরে বৃষ্টির পানি ঢোকে। জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে নষ্ট হয়।

রংপুরের মিঠাপুকুর ও পীরগাছা উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে গত বছরে দলিল সম্পাদন করে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ৩০ কোটি টাকা। অথচ ওই দুই কার্যালয়ের কোনো ভবন নেই। নেই নিজস্ব কোনো জায়গা। প্রায় ৫০ বছর ধরে ভাড়া জায়গায় জরাজীর্ণ কার্যালয়ে চলছে দলিল সম্পাদনের কাজ।

ওই দুই কার্যালয়ের ভেতরে বৃষ্টির পানি ঢুকে জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে নষ্ট হয় বলে অভিযোগ রয়েছে। জমি বেচাকেনা করতে এসে বসার বা অপেক্ষা করার কোনো জায়গা না থাকায় সাধারণ মানুষও দুর্ভোগ পোহান।

ওই দুই সাবরেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর মিঠাপুকুর উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে ১৫ হাজার দলিল সম্পাদন করা হয়। এতে সরকার রাজস্ব পায় প্রায় ১৭ কোটি টাকা। অন্যদিকে পীরগাছা উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে ৯ হাজার ৭০০ দলিল সম্পাদন করে রাজস্ব আদায় হয় প্রায় ১৩ কোটি টাকা।

১৯৭৬ সালে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে মিঠাপুকুর উপজেলা সাবরেজিস্ট্রার এবং ১৯৬৭ সালে যাদব রায় দেব বিগ্রহ মন্দিরের কাছ থেকে জমি ভাড়া নিয়ে পীরগাছা উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ের কার্যক্রম শুরু করা হয়।

রংপুর নগর থেকে ২৫-৩০ কিলোমিটার দূরে অবস্থিত ওই দুই সাবরেজিস্ট্রারের কার্যালয়। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আধা পাকা টিনশেডের তিনটি কক্ষে পীরগাছা কার্যালয়ের কার্যক্রম চলছে। এখানকার বালাম ও দলিল সংরক্ষণে রাখা কক্ষের ওপরের ছাউনির টিন নষ্ট হওয়ায় পলিথিন ঝোলানো হয়েছে। অন্য কক্ষগুলোর ছাউনির টিনেরও জরাজীর্ণ অবস্থা।

অফিস সহকারী মাসুদা বেগম বলেন, ‘প্রায় ৪৭ বছর ধরে ভাড়া জায়গায় টিনশেড কক্ষে চলছে অফিসের কার্যক্রম। সংস্কারের উদ্যোগ না নেওয়ায় বর্ষাকালে দলিল ও বালাম বই নিয়ে বিপাকে পড়তে হয়। জায়গার অভাবে ২০১০ সালের আগের দলিল ও বালাম বইগুলো রংপুর জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। এখান থেকে বছরে গড়ে ১৩ কোটি টাকা রাজস্ব আদায় হলেও কোনো উন্নয়ন হচ্ছে না।

পীরগাছার সাবরেজিস্ট্রার তিথি রানী মণ্ডল বলেন, গত জানুয়ারি মাসে এই কার্যালয় থেকে ৯২৪টি দলিল সম্পাদন করে ১ কোটি ৩ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। প্রতি মাসেই এ রকম রাজস্ব আদায় হয়। কিন্তু কাজের কোনো পরিবেশ নেই। জরাজীর্ণ কক্ষে বসে দলিল সম্পাদন করতে হচ্ছে। প্রখর রোদে টিনের ছাউনির তাপে এজলাসে বসে দলিল সম্পাদন করা দুষ্কর হয়ে পড়ে। বৃষ্টি হলে টিন চুয়ে পানি পড়ে।

মিঠাপুকুরের সাবরেজিস্ট্রার কার্যালয়ের কার্যক্রম চলছে জরাজীর্ণ চারটি টিনশেড কক্ষে। ছাউনির টিনগুলোতে অসংখ্য ফুটো হয়েছে।

অফিস সহকারী মোস্তাফিজার রহমান বলেন, ভাড়া জায়গায় আধা পাকা জরাজীর্ণ কক্ষে চলে অফিসের কার্যক্রম। বর্ষার সময়ে পানি পড়ে সংরক্ষিত দলিল ও বালাম বই ভিজে নষ্ট হওয়ায় গত বছর দলিল লেখকদের সহযোগিতায় কক্ষটির টিন পরিবর্তন করা হয়েছে। কিন্তু দলিল লেখকেরা জরাজীর্ণ কক্ষেই দলিল লেখার কাজ করে যাচ্ছেন।

মিঠাপুকুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আকমল হোসেন বলেন, ‘ নিজস্ব জায়গা ও ভবন না থাকার বিষয়টি খুবই দুঃখজনক। নাজুক অবস্থার মধ্য দিয়ে আমাদের অতিকষ্টে দলিল লেখার কাজ করতে হচ্ছে।’

মিঠাপুকুরের সাবরেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) নাজমুল হাসান বলেন, ‘এখানে জমি কেনাবেচা করতে আসা সাধারণ মানুষের বসার কিংবা অপেক্ষা করার মতো কোনো কক্ষ নেই।’