
টাঙ্গাইলে ট্রাকের চাপায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই প্রকৌশলীর নাম শাহ আবদুল মঈন (৩৫)। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামের শাহ আবদুল মোমেনের ছেলে। আবদুল মঈন বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিজি কোম্পানির প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, আজ সকালে আবদুল মঈন মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে রেলস্টেশন এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আবদুল মঈনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তাস্তর করা হবে। দুর্ঘটনার পরই ট্রাক নিয়ে এর চালক পালিয়ে গেছেন।