চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় দীর্ঘ পাঁচ বছর পর রায় দিয়েছেন আদালত। রায়ে আসামি রাজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ৫২ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদ এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ অক্টোবর রাতে কুমিল্লার ঘটনার জেরে হাজীগঞ্জের রামপুর এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার রাতে ১০০ থেকে ১৫০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মন্দিরের প্রতিমা ভাঙচুর করে এবং স্বর্ণালংকার, পূজার প্রয়োজনীয় সামগ্রী ও দানবাক্সের নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় মন্দিরে উপস্থিত ভক্তদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়।
পরে এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি পাপন চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ৫৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ।
সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ আলী বলেন, এ মামলায় ৫৩ আসামির মধ্যে আদালত ৫২ জনকে খালাস দিয়েছেন। একজনকে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ছয় মাসের সাজা প্রদান করেন।
রায়ের বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ পূজা উদযাপন পরিষদ সভাপতি রুহি দাস বনিক বলেন, ‘আদালত যে রায় দিয়েছেন, সেটার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই।’
উল্লেখ্য, ২০২১ সালের ১৩ অক্টোবর শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে কুমিল্লা নগরের নানুয়ারদিঘির উত্তরপাড়ে দর্পণ সংঘের পূজামণ্ডপে ধর্মীয় অবমাননার অভিযোগে কুমিল্লা ছাড়াও নোয়াখালী ও চাঁদপুরে সংঘাত ছড়িয়ে পড়ে। ওই সময় মন্দির-মণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কুমিল্লায় ১২টি, নোয়াখালীতে ৩২টি, চাঁদপুরে ১০টিসহ মোট ৫৪টি মামলা হয়।