রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ দিনে এই হাসপাতালে হামে আক্রান্ত তিন শিশুর মৃত্যু হলো। হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম তানভীর চৌধুরী প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আ ন ম তানভীর চৌধুরী বলেন, মারা যাওয়া শিশু হাসানের বয়স আট মাস। সে আজ রোববার সকাল সাতটার দিকে মারা যায়। শিশুটির অবস্থা স্থিতিশীল ছিল উল্লেখ করে এই চিকিৎসক বলেন, গতকাল শনিবার রাতে খাওয়ানোর পর তার অবস্থা খারাপ হয়।
মারা যাওয়া শিশুটির বাড়ি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের সাাপ্টিবাড়ি। গত ২৮ এপ্রিল সন্ধ্যায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে হাম কর্নারে চিকিৎসাধীন ছিল।
শিশুটির বাবা রাকিব মিয়া প্রথম আলোকে বলেন, গত পবিত্র ঈদুল ফিতরের পর থেকে তাঁর ছেলে অসুস্থ ছিল। তাকে লালমনিরহাট হাসপাতালে কয়েকবার ভর্তি করা হয়েছিল।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আট শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। একই সময়ে হাম কর্নার থেকে ছাড়পত্র পেয়েছে ১২ শিশু। এখন পর্যন্ত ভর্তি আছে ৩৪ শিশু। আর অন্তর্বিভাগে মোট চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা ১৭৬।
হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, হামে আক্রান্ত শিশুরা জ্বর, ফুসকুড়ি, সর্দি ও কাশির উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তবে শিশু ছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারী ও এক পুরুষ ভর্তি আছেন, যাঁদের বয়স ১৮ থেকে ৪৫ বছর।