কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া বড়ুয়া পাড়া থেকে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে লাশটি উদ্ধার হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
নিহতের নাম কালু বড়ুয়া (৬৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা। তাঁকে খুনের অভিযোগে আটক ব্যক্তির নাম তাম্বু বড়ুয়া। তিনি নিজেই একটি ছুরিসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল রোববার রাতে এলাকায় উৎসব চলছিল। উৎসবে কালু বড়ুয়া ও তাম্বু বড়ুয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে পূর্ব মেরংলোয়ার মিটা কালুর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর তাম্বু বড়ুয়া ছুরি দিয়ে কালু বড়ুয়ার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই কালু বড়ুয়ার মৃত্যু হয়।
নিহত কালু বড়ুয়ার ছেলে অসীম বড়ুয়ার অভিযোগ, তাঁর বাবাকে পরিকল্পিতভাবে কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে খুন করেছেন তাম্বু বড়ুয়া। যদিও দুজনের মধ্যে পূর্ব কোনো শত্রুতা ছিল না। হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে রামু থানার উপপরিদর্শক মো. সায়েমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে তাঁরা থানায় নিয়ে আসেন। এ সময় পুলিশের দলটির কাছে ছুরিসহ আত্মসমর্পণ করেন অভিযুক্ত তাম্বু বড়ুয়া।
জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাম্বু বড়ুয়া হত্যার দায় স্বীকার করেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী নেশাগ্রস্ত অবস্থায় তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’