
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিয়ের ১২ দিন পর ফারজানা আক্তার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। হাতে বিয়ের মেহেদির রং মোছার আগেই এমন মৃত্যুতে স্বামী ও বাবার বাড়িতে শোকের মাতন চলছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (কিশোরপুর) গ্রামে।
পুলিশ ও তরুণীর স্বজন সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকার নুরুল হকের ছেলে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মাহমুদুল হাসানের সঙ্গে একই এলাকার নজির আলীর মেয়ে ফারজানা আক্তারের বিয়ে হয়। গত মঙ্গলবার দুপুরে স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন ফারজানা আক্তার। রাতে স্বামী চলে যাওয়ার পর ফারজানা তাঁর বড় বোন সুজনা বেগমের সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ফারজানা তাঁর বড় বোনকে মাথাব্যথা করছে বলে জানান এবং সেই সঙ্গে ঘরে একা নিরিবিলিতে ঘুমাতে চান। পরে তাঁর বড় বোন অন্য কক্ষে গিয়ে ঘুমান। সকালে বড় বোন ঘুম থেকে উঠে ফারজানাকে ডাকতে এসে তাঁর কোনো সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকদের জানান। প্রতিবেশীরা এসে ফারাজানাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফারজানার বড় বোন সুজনা বেগম বলেন, মাত্র ১২ দিন হয়েছে তাঁর বোনের বিয়ে হয়েছে। কীভাবে কী হলো বুঝে উঠতে পারছেন না। কয়েক মাস ধরে তাঁর বোন শারীরিক ও মানসিক রোগে ভুগছিলেন। গতকাল বুধবার তাঁকে সিলেটে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল।
তরুণীর স্বামী মাহমুদুল হাসান বলেন, ‘শারীরিক ও মানসিক কিছু সমস্যা থাকলেও এভাবে মৃত্যু হবে মানতে পারছি না। মাত্র ১২ দিন হয়েছিল আমাদের বিয়ের। ঘুমের মধ্যে এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ। তিনি বলেন, উভয় পরিবারেরই ঘটনাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল। সেখানে ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।