সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

যশোরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে নাভারন–সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন শার্শা উপজেলার উলাসী খালপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে শাহিন হোসেন নিজের খেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল নিহত হন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে।