মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, সচেতন থাকার পরামর্শ

উত্তরের হিমেল হাওয়ার দাপট আর ঘন কুয়াশা মানুষের ভোগান্তিতে বাড়িয়ে দিয়েছে। আজ সকাল নয়টার দিকে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তালমা সেতুতে
ছবি: প্রথম আলো

আজ শনিবার সকাল নয়টার কথা। কুয়াশার চাদরে তখন ঢেকে আছে চারদিক। পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আম-কাঁঠাল এলাকায় দেখা হলো দিনমজুর আইনুল হকের সঙ্গে (৪০)। পরনে মোটা একটি জ্যাকেটের ওপর জড়িয়েছেন শাল। শীত থেকে বাঁচতে মুখমণ্ডলে পেঁচিয়েছেন মাফলার। হাতে ডালি আর কোদাল নিয়ে বালু তুলতে যাচ্ছিলেন তালমা নদীতে।

শীতের প্রসঙ্গ তুলতেই আইনুল হক বলেন, ‘সারা রাইত ঠান্ডা বাতাস বহচে, সকালে ঠান্ডার তানে (জন্য) তাড়াতাড়ি কামোতও (কাজে) যাবা পারু না। কয় দিন থেকে যে ঠান্ডা আইচ্চে (আসছে), জারোতে (শীতে) শরীলডা খালি কাঁপেছে।’

দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে টানা কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এতে আইনুল হকের মতো নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টায় তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরে দিনভর হিমেল বাতাস থাকায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান দিন দিন কমে যাচ্ছে।

প্রায় এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। এর সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার দাপট আর ঘন কুয়াশা মানুষের ভোগান্তিতে বাড়িয়ে দিয়েছে। প্রতি রাতেই বৃষ্টির মতো কুয়াশা ঝরে। ঘন কুয়াশার দাপট থাকে অনেক বেলা পর্যন্ত। এ জন্য প্রায় প্রতিদিনই সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা না মিলছে না।

সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার নির্মাণশ্রমিক জামান আলী বলেন, ‘কুয়াশা কম হলে কী হবে, ঠান্ডা বাতাসে হাত-পা কোঁকড়া হয়ে আইচ্চে। সকালে তো বেশি ঠান্ডা। আবার বিকেল হলে শুরু হয় বাতাস। এ জন্য কয় দিন ধর‍্যা ভালোভাবে কামকাজই করা পারু না।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়ায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তেঁতুলিয়ার আকাশে বর্তমানে আট ভাগের প্রায় তিন ভাগে মেঘ আছে। বাতাসের কারণে ভূপৃষ্ঠে কুয়াশা কম দেখা গেলেও আকাশের উপরিভাগে ঘন কুয়াশা থাকছে। এতে সূর্যের দেখা পেতে কিছুটা দেরি হচ্ছে। দুপুরবেলা হালকা রোদ উঠলেও হিমালয়ের বাতাস সরাসরি তেঁতুলিয়া দিয়ে পঞ্চগড়ে প্রবেশ করায় রোদের তীব্রতা ছড়াতে পারছে না। এতে এই এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আগামী এক সপ্তাহ এই এলাকায় আবহাওয়া একই রকম থাকতে পারে।

এদিকে টানা কয়েক দিনের মৃদু শৈত্যপ্রবাহে পঞ্চগড়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানা গেছে। ঠান্ডাজনিত এসব রোগ এড়িয়ে চলতে সচেতন থাকার পাশাপাশি শিশু ও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তৌফিক আহমেদ বলেন, কয়েক দিন ধরে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। বিশেষ করে শিশুদের যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এ ছাড়া বাইরে বের হওয়ার সময় মাস্ক ও পর্যাপ্ত গরম কাপড় পরতে হবে।