বাংলাদেশ–ভারত সীমান্ত
বাংলাদেশ–ভারত সীমান্ত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে আবারও ভারত থেকে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ওই ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির বাধার মুখে তাঁদের ভারতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, শুক্রবার রাত পৌনে ১টার দিকে বিএসএফ ১৫ জনকে পুশ ইনের চেষ্টা করে। এর মধ্যে দুজন পুরুষ, আটজন নারী ও পাঁচটি শিশু ছিল। তাঁদের নদীপথে একটি নৌকায় বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কিন্তু নৌকাটি শূন্যরেখায় আসার পরপরই বিজিবি সামনে এগিয়ে গিয়ে বাধা দেয়। বিজিবির বাধার মুখে পরে রাত পৌনে ৩টার দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই ১৫ জনকে ভারতে ফিরিয়ে নেন।

এর আগে ৩ জুন রাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। ওই ২৮ জন দুই দিন সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থানের পর তাঁদের ফিরিয়ে নেয় বিএসএফ।