
রেলের টিকিট বিক্রিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক করায় নীলফামারীতে কালোবাজারিদের দৌরাত্ম্য কমেছে। যাত্রীরা বলছেন, নতুন নিয়মে টিকিট কাটার পদ্ধতি কিছুটা কঠিন। তবে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁরা। কারণ, নতুন এ পদ্ধতিতে টিকিট বিক্রি শুরুর পর থেকে যাত্রীদের কালোবাজারিদের কাছে ধরনা দিতে হচ্ছে না। এ ছাড়া রেলস্টেশনে এসে চাহিদামতো যাত্রার টিকিটও পাওয়া যাচ্ছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নীলফামারী রেলস্টেশন ঘুরে যাত্রীদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পাওয়া গেছে। টিকিট কাউন্টারে কথা হয় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ইমদাদুল হকের (৬০) সঙ্গে। তিনি বলেন, ‘আমি আজ রাতে নাটোরে যাব। এখানে আইডি কার্ড ছাড়া টিকিট দিচ্ছে না। এটা খুবই ভালো সিদ্ধান্ত। এতে টিকিট ব্ল্যাক (কালোবাজারি) হবে না। নির্ধারিত মূল্যেই টিকিট কাটতে পেরেছি। আগে তো যাত্রার দিন কাউন্টারে কোনো টিকিটই পাওয়া যেত না। তখন কালোবাজারিদের কাছ থেকে বেশি দামে টিকিট কিনতে হতো। এখন কাউন্টারে এলেই টিকিট পাওয়া যাচ্ছে।’
এর মধ্যেই আন্তনগর নীলসাগর ট্রেনে ঢাকায় যাওয়ার জন্য কাউন্টারে এলেন উপজেলার শিমুলবাড়ির বিষ্ণু রায় (৩০)। তিনি সঙ্গে জাতীয় পরিচয়পত্র আনেননি। তাই শেষ পর্যন্ত টিকিট কাটতে পারলেন না। বিষ্ণু রায় বলেন, ‘আমি নীলসাগর ট্রেনে ঢাকা যাওয়া-আসা করি। আজকে দেখি কাউন্টারে টিকিটও আছে। কিন্তু আমার কাছে এখন এনআইডি নেই। এ জন্য টিকিট দিচ্ছে না। তবে এটা কোনো সমস্যা নয়। কালকে আইডি কার্ড এনে টিকিট নিয়ে যাব। এ পদ্ধতির জন্য যার টিকিট সে-ই পাবে। আমি মনে করি, এটা খুব ভালো হয়েছে।’
স্টেশনের বুকিং সহকারী মো. সামিম হোসেন বলেন, ‘আমরা একটি এনআইডি কার্ডে সর্বোচ্চ চারটি টিকিট বিক্রি করছি। টিকিটের ওপর এনআইডির নম্বর ও যাত্রীর নাম লিখে দিচ্ছি। এতে কিছুটা সময় বেশি লাগলেও কোনো সমস্যা হচ্ছে না। তবে এখনো একজন ব্যক্তি চারটা টিকিট করে তিনটি কালোবাজারে বিক্রি করতে পারেন। এ ক্ষেত্রে একটি এনআইডি বা জন্মনিবন্ধনের বিপরীতে একটি করে টিকিট দেওয়া হলে কালোবাজারি শতভাগ রোধ করা সম্ভব হবে।’
নীলফামারী রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. ওবাইদুল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে টিকিট কালোবাজারি অনেকাংশে কমে গেছে। আগে যাত্রার তারিখের ৫ দিন আগে অনলাইনে টিকিট বিক্রি করা হতো। তখন অনলাইনে টিকিট বিক্রি শুরুর ১৫ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যেত। এটা কোনোভাবেই রোধ করা যেত না। তবে এখন যাত্রার দুই-তিন দিন আগেও অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। কাউন্টারেও টিকিট সহজলভ্য হয়েছে। যাত্রীরা এখন নিজেরাই নিজেদের টিকিট কাটতে পারছেন। এতে কালোবাজারিদের দৌরাত্ম্য অনেকাংশে কমে গেছে।