কুমিল্লায় রেলক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়
কুমিল্লায় রেলক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ

দুই গেটম্যান বরখাস্ত, তিন তদন্ত কমিটি, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ চালু

কুমিল্লায় রেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় হেলাল উদ্দিন ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার সময় তাঁদের দায়িত্বে অবহেলার তথ্য পেয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ রোববার সকাল ৯টার দিকে এই দুজনকে বরখাস্ত করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, দায়িত্ব অবহেলার অভিযোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দায়িত্বরত হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ে–সংশ্লিষ্টরা জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে পালাক্রমে দুজন গেটম্যান সিগন্যালের কাজে নিয়োজিত থাকেন।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ঢাকা মেইল ট্রেনটি নির্ধারিত স্থানে পৌঁছানোর পর পদুয়ার বাজার রেলক্রসিংয়ের গেটম্যানের সিগন্যাল পাওয়ার কথা। কিন্তু তখর গেটম্যানকে না পাওয়ায় কমিনিউকেশনে গ্যাপ হয়ে যায়। যখন গেটম্যানের সঙ্গে যোগাযোগ হয়েছে, ততক্ষণে বাসটি ক্রসিংয়ে উঠে গিয়ে ট্রেনটির মুখে পড়ে। এ ঘটনার সঠিক কারণ খুঁজতে আমরা দুটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে সব বেরিয়ে আসবে।’

তদন্ত কমিটি গঠন

এ ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটির সদস্যদের দুর্ঘটনার কারণ জানাতে বলা হয়েছে। আজ সকালে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া কুমিল্লার জেলা প্রশাসন এ ঘটনায় পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে জেলা প্রশাসন থেকে। আজ সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে। তদন্ত কমিটির অন্য চার সদস্য হলেন কুমিল্লা বিআরটিএ-এর সহকারী পরিচালক মো. ফারুক আলম, ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাহাব উদ্দিন এবং কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক ইকবাল হোসন।

জেলা প্রশাসক জানান, আহত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া আহত ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে । জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে ।

সাড়ে সাত ঘণ্টা পর রেল যোগাযোগ চালু

দুর্ঘটনার পর প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উদ্ধারকাজ শেষে সকাল সাড়ে ১০টার দিকে রেল যোগাযোগ শুরু হয়। এরপর দুর্ঘটনার স্থান দিয়ে কয়েকটি ট্রেন ঢাকা ও চট্টগ্রামের দিকে গেছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সোয়া আটটায় আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকাজ শেষে দুর্ঘটনাকবলিত ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, গতকাল রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এর পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তবে সকাল ৭টা ১৮ মিনিটে কুমিল্লা রেলস্টেশন থেকে টু ডাউন (চট্টগ্রাম মেইল) চট্টগ্রাম অভিমুখে ছেড়ে যায়। ৭টা ৩৫ মিনিটে দুর্ঘটনাকবল এলাকা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার অতিক্রম করে ট্রেনটি। চট্টগ্রামমুখী লাইন দিয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এলে দুটি লাইনই বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধারকার শেষে দুদিকের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, উদ্ধারকাজ শেষ হওয়ায় দুদিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

‘সম্ভবত গেটটা খোলা ছিল’

আমাদের নিজস্ব প্রতিবেদক কুমিল্লা থেকে জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, ‘সম্ভবত গেটটা খোলা ছিল, যার কারণে ওই ড্রাইভার ট্রেন লাইনে উঠে গেছে। পরে এই দুর্ঘটনাটা হইছে।’

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ

আজ বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রী এই কথা বলেন। তিনি এই দুর্ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের জন্য ২৫ হাজার টাকা করে তাৎক্ষণিক বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে করে অন্তত লাশটা নিয়ে যেতে পারেন পরিবারের সদস্যরা।

দুর্ঘটনার বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এটাকে নিয়ে ভিন্ন ধরনের একটু চিন্তা করতে হবে, অন্তত যেহেতু এটা হাইওয়ের ওপরে।’