নওগাঁয় সাড়ে ৮ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

বাস চলাচল বন্ধ থাকাকালে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আজ বুধবার সকালে নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

বাস ও অটোরিকশার শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে বাস চলাচল শুরু হয়। এর আগে সকাল ৬টা থেকে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ রাখে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক গ্রুপ।

আজ দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মোটর মালিক-শ্রমিক সংগঠন ও অটোরিকশা সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা। বৈঠকে বিবদমান দুই সংগঠনের মধ্যে সমঝোতা হলে বাস ধর্মঘট প্রত্যাহার করে জেলা বাস মালিক গ্রুপ।

বৈঠকে অংশ নেওয়া জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষ হওয়ার পরপরই বেলা আড়াইটা থেকে বাস চলাচল শুরু হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর্জা ইমাম উদ্দিন, নওগাঁ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক রাজিবুল ইসলাম, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোস্তফা কালিমী বাবুল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল মণ্ডল প্রমুখ।

জেলা বাস মালিক গ্রুপ, মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা অটোরিকশা সমিতি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে কয়েকটি অটোরিকশা দাঁড় করানো ছিল। এ সময় বাস পরিবহন সংগঠনের লোকজন সেখান থেকে অটোরিকশা সরিয়ে নিতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা বাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন।

এদিকে বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। আজ সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা বিভিন্ন রুটের যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।