
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, অস্বাভাবিক জোয়ারের পানি ও টানা বৃষ্টিতে বাগেরহাটে অন্তত আট হাজার মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চাষিদের তিন কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এ ছাড়া ঘেরের পাড়ে ও খেতে থাকা মৌসুমি সবজিরও ক্ষতি হয়েছে। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এস এম রাসেল আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃষ্টি যদি অব্যাহত থাকে, এ ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, গেল চার-পাঁচ দিনের বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধির ফলে বাগেরহাটের সদর, রামপাল, মোংলা, মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘের তলিয়ে মাছ বের হয়ে গেছে। পানি জমে সবজিগাছের শিকড় পচে গেছে। পানি কমার সঙ্গে শিকড় পচা গাছগুলোও মারা যাবে। অনেক এলাকায় পানির নিচে তলিয়ে গেছে আমন ধান। এ অবস্থায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সবজি ও মৎস্যচাষিরা।
চিংড়িচাষিদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের দাবি জানান জেলা চিংড়ি চাষি সমিতির সভাপতি।
সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকার চিংড়িচাষি মুন্না শেখ বলেন, ‘জোয়ারের পানিতে গ্রাম রক্ষা বাঁধ ভেঙে আমাদের এলাকা প্লাবিত হয়েছে। আমার দুই বিঘা ঘের তলিয়ে বাগদা ও গলদা চিংড়ি বেরিয়ে গেছে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের রাকিব খান বলেন, ‘ঝড়-জলোচ্ছ্বাস এলেই আমাদের ক্ষতি হয়। ধান ও মাছ চাষ করে আমাদের এলাকার মানুষের জীবিকা নির্বাহ হয়। এবারের পানিতে যেমন আমাদের ঘেরের মাছ চলে গেছে, তেমনি আমনের খেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।’
বাগেরহাট জেলা চিংড়ি চাষি সমিতির সভাপতি ফকির মহিতুল ইসলাম সুমন বলেন, বছরের প্রথমে মৌসুমের শুরুতে ভাইরাসে মড়ক লেগেছিল। কয়েক দিনের বৃষ্টি ও জোয়ারের প্রভাবেও অনেক ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। চিংড়িচাষিদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের দাবি জানান তিনি।