
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের সময় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শাহিনের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভিযোগ এনে এ ঘটনার বিচার দাবি করেছেন চিকিৎসকেরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশাল জেলা শাখার উদ্যোগে চিকিৎসকেরা এ দাবি নিয়ে বরিশালের বিভাগীয় কমিশনার বরাবর আজ বুধবার দুপুরে স্মারকলিপি দিয়েছেন। বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান স্মারকলিপি গ্রহণের পর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে বিএমএ বরিশাল জেলা শাখা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। একই সঙ্গে দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহার দুর্ব্যবহার ও অসদাচরণের বিচার করতে হবে।
স্মারকলিপিতে বিএমএ নেতারা উল্লেখ করেন, গত মঙ্গলবার সকালে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষের কক্ষে যান দুদকের বরিশাল জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা ও তাঁর দল। এ সময় তাঁরা করোনায় সার্বক্ষণিক চিকিৎসা প্রদানের জন্য শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মাসুম আহম্মেদ ও অন্য শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ করেন। এ ছাড়া চিকিৎসকদের বায়োমেট্রিক হাজিরার ব্যাপারে অসম্মানজনকভাবে কলেজের অধ্যক্ষ ও বিএমএর বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শাহিনের কাছে কৈফিয়ত চান। অধ্যক্ষ বায়োমেট্রিক হাজিরার তথ্য না দেওয়ায় দুদকের ওই কর্মকর্তা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং মামলার ভয় দেখান।
দুদকের দল চিকিৎসকদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, সেটা অপমানজনক। তাই আমরা এ ঘটনার বিচার দাবি করছি।মো. ইসতিয়াক হোসেন, সভাপতি, বিএমএ বরিশাল জেলা শাখা
বিএমএ বরিশাল জেলা শাখার সভাপতি মো. ইসতিয়াক হোসেন বলেন, ‘অভিযোগ থাকলে দুদক অবশ্যই অভিযান চালাবে। কিন্তু দুদকের দল চিকিৎসকদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, সেটা অপমানজনক। তাই আমরা এ ঘটনার বিচার দাবি করছি।’
কয়েক চিকিৎসকের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থাকা, সময় কম দেওয়া, সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া ও দায়িত্ব পালন না করে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দুদক। সহকারী পরিচালক রাজ কুমার সাহার নেতৃত্বে দুদকের বরিশাল জেলা সমন্বিত কার্যালয়ের পাঁচ সদস্য এ অভিযানে অংশ নেন। সকাল সাড়ে নয়টার দিকে দুদকের দলটি কলেজে গিয়ে অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অনুপস্থিত দেখে। দুদকের অভিযানের খবর পেয়ে সকাল ১০টার দিকে কলেজে এসে অনেক চিকিৎসক হাজিরা দেন বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুদকের দলটি অধ্যক্ষের কাছে চিকিৎসকদের গত সাত দিনের বায়োমেট্রিক হাজিরার তথ্য চায়। অধ্যক্ষ তা দিতে অস্বীকৃতি জানালে বাগ্বিতণ্ডা হয়। এর প্রতিবাদে ওই দিনই বেলা আড়াইটায় বিএমএ জরুরি সভা ডেকে এ ঘটনার প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
আজ স্মারকলিপি দেওয়ার বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক দেবব্রত মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে সরাসরি বক্তব্য দেওয়ার এখতিয়ার আমাদের নেই। গতকাল যে অভিযান হয়েছে, সেটা দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে হয়েছে।’