রাজশাহীতে কলেজশিক্ষকদের মারামারিতে হাড় ফাটল অধ্যক্ষের

রাজশাহীতে শিক্ষকদের মারামারির সময় আহত বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান
ছবি: প্রথম আলো

রাজশাহীতে বঙ্গবন্ধু কলেজের দুই শিক্ষকের মারামারি থামাতে গিয়ে আহত হয়েছেন অধ্যক্ষ। তাঁর একটি হাতের হাড় ফেটে গেছে। আহত অধ্যক্ষসহ তিন শিক্ষকই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালই চিকিৎসা নিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে।

কলেজের অধ্যক্ষের নাম কামরুজ্জামান। দুই শিক্ষক হলেন কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক গিয়াস উদ্দিন ও সমাজকর্ম বিষয়ের শিক্ষক আবদুল্লাহ হেল শাফি।

অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, তাঁর কক্ষে শিক্ষক আবদুল্লাহ হেল শাফি প্রথমে গিয়াস উদ্দিনের গায়ে হাত তোলেন। তিনি এ সময় শিক্ষকদের কক্ষে বসে কাজ করছিলেন। কলেজটি সরকারীকরণের জন্য পরিদর্শনে আসা চারজন কর্মকর্তার সঙ্গে বসে কাজ করছিলেন তিনি। বিকেল সাড়ে পাঁচটার দিকে হইচই শুনে তিনি তাঁর কার্যালয়ে যান। সেখানে গিয়াস উদ্দিন ও আবদুল্লাহ হেল শাফির মারামারি ঠেকাতে গিয়ে তিনি আহত হন। অন্য শিক্ষকেরা আবদুল্লাহ হেলা শাফিকে একটি কক্ষে দরজা দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নগরের চন্দ্রিমা থানায় নিয়ে যান।

গতকাল রাতে অধ্যক্ষ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালে গিয়ে এক্স-রে করে দেখেন তাঁর ঘাড়ের বাঁ পাশের হাড় ফেটে গেছে। এখন বাড়িতে আছেন। তাঁর অভিযোগ, তিনি অধ্যক্ষ হয়েছেন, এটা আবদুল্লাহ হেল শাফি মানতে পারেননি। ক্ষোভ থেকে তিনি তাঁর ওপর হামলা করেছেন।

এ বিষয়ে কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আবদুল্লাহ হেল শাফি আমাকে অধ্যক্ষকে জড়িয়ে খারাপ কথা বলেছেন। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তিনি আমার গায়ে হাত তুলেছেন। এতে আমার গাল কেটে রক্ত বের হয়েছে। আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি।’

আজ শনিবার সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে আবদুল্লাহ হেল শাফি প্রথম আলোকে বলেন, ‘কলেজে নিয়োগসংক্রান্ত কাগজপত্রের কিছু অনিয়ম নিয়ে কথা বলার সময় মনে হলো গিয়াস উদ্দিন আমাকে আস্তে একটা ধাক্কা দিলেন। আমিও দিলাম। তিনি তখন আমাকে মেরেছেন, তারপর যা হয় বুঝতেই পারছেন।’ তাঁর অভিযোগ, কলেজের অধ্যক্ষের অনুসারী শিক্ষকেরা তাঁকে মেরেছেন।

এ ঘটনায় কোনো শিক্ষকই মামলা করেননি। শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, ‘এটা প্রতিষ্ঠানের ব্যাপার। কলেজের গভর্নিং বডিতে আলোচনা করার পর যা করার করা হবে।’

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, যে শিক্ষককে পুলিশ উদ্ধার করেছে, তিনিও আহত ছিলেন। তাই তাঁরা তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। কেউ মামলা করেননি।